প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৭ পিএম

হবিগঞ্জ শহরের রাজনগরে একটি কওমি মাদ্রাসায় ধর্মীয় শিক্ষা দেওয়ার কথা বলে এক স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে মাওলানা সাদেকুল ইসলাম (৩৫) নামে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।
গতকাল রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে স্থানীয়দের সহায়তায় জান্নাতুল মাওয়া কওমি মাদ্রাসা থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশ।
আটক সাদেকুল ইসলাম নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের রাব্বানী মিয়ার ছেলে। অভিযোগকারী শিক্ষার্থী হবিগঞ্জ শহরের দি রোজেস স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর রাতে ধর্মীয় শিক্ষা দেওয়ার কথা বলে ওই শিক্ষার্থীকে কৌশলে মাদ্রাসায় নিয়ে যান শিক্ষক সাদেকুল ইসলাম। সেখানে তাকে বলাৎকার করা হয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনা কাউকে জানালে জিন দিয়ে মেরে ফেলার ভয় দেখানো হয় বলেও অভিযোগ করেছে শিক্ষার্থীটি।
পরে ওই শিক্ষার্থী তার মেসে ফিরে এক সাংবাদিককে বিষয়টি জানায়। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন একত্রিত হয়ে মাদ্রাসায় যান এবং অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।
এদিকে, অভিযুক্ত শিক্ষককে থানায় নেওয়ার পর মাদ্রাসার কয়েকজন শিক্ষক থানায় ছুটে আসেন। একপর্যায়ে তাঁদের সঙ্গে উত্তেজিত জনতার বাকবিতণ্ডা হয়। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বানিয়াচং উপজেলার সাঙ্গর গ্রামের আব্দুর রউফ বাদী হয়ে মামলা করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। আটক শিক্ষককে সোমবার আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।
স্বদেশ প্রতিদিন/এফএইচ