প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম

দীর্ঘ প্রতিযোগিতা ও একের পর এক নজরকাড়া পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয়েছে জনপ্রিয় ড্যান্স রিয়েলিটি শো ‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার’ সিজন ৫। এবারের আসরে চ্যাম্পিয়নের ট্রফি জিতেছেন ভারতের ছত্তিশগড়ের নৃত্যশিল্পী রিতেশ পাল। তার সঙ্গে এই সাফল্যের অংশীদার হয়েছেন কোরিওগ্রাফার প্রতীক উত্তেকর। পুরস্কার হিসেবে ট্রফির পাশাপাশি ১৫ লাখ টাকা নগদ অর্থ পেয়েছেন রিতেশ।
প্রতিযোগিতাজুড়ে বিভিন্ন ঘরানার নাচ পরিবেশন করে বিচারক ও দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন রিতেশ। প্রতিযোগিতার কঠিন লড়াইয়ে তিনি তিনবার ব্যাটল ট্রফিও জয় করেন।
গ্র্যান্ড ফিনালেতে রিতেশ ও প্রতীকের প্রতিদ্বন্দ্বিতা হয় দীপালি বরকর, প্রথমেশ মানে, অংশিকা ধারা ও গীতাঞ্জলি মারওয়াহার সঙ্গে। চূড়ান্ত পর্বে সব প্রতিযোগীর পরিবেশনা দেখার পর বিচারক কারিশমা কাপুর, জাভেদ জাফরি, গীতা কাপুর ও টেরেন্স লুইস যৌথভাবে রিতেশকে বিজয়ী ঘোষণা করেন।
বিজয়ী হওয়ার পর নিজের অনুভূতি জানিয়ে রিতেশ পাল বলেন, নাচ সবসময়ই তার জীবনের মূল আবেগ। ‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার’-এর পঞ্চম আসরের বিজয়ী হওয়াকে তিনি স্বপ্ন পূরণের মতো বলে উল্লেখ করেন। সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের এই যাত্রার অংশ হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করেন বলেও জানান তিনি।
রিতেশের মতে, প্রতিযোগিতার বিভিন্ন চ্যালেঞ্জ তাকে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে এবং একজন পারফর্মার হিসেবে আরও পরিণত হতে সহায়তা করেছে।
অন্যদিকে, রিতেশকে নিয়ে শো জেতার পর কোরিওগ্রাফার প্রতীক উত্তেকর বলেন, এটি তার জন্য অত্যন্ত গর্বের ও আবেগঘন মুহূর্ত। পুরো প্রতিযোগিতাজুড়ে রিতেশের ধারাবাহিক উন্নতি তাকে আনন্দিত করেছে। প্রতীকের ভাষ্য, রিতেশ সবসময় তার ভাবনা ও নির্দেশনার ওপর পূর্ণ আস্থা রেখেছেন।
প্রতীক ও রিতেশ দুজনেই কনটেম্পরারি নাচের পটভূমি থেকে এলেও প্রতিযোগিতার মঞ্চ তাদের বিভিন্ন নৃত্যশৈলী নিয়ে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ করে দেয়। পুরো প্রতিযোগিতায় তারা দুজন মিলে কঠোর পরিশ্রম করেছেন বলে জানান প্রতীক।
স্বদেশ প্রতিদিন/এস পি