প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৭ পিএম

ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে টানা দ্বিতীয় ম্যাচে হেরেছে বাংলাদেশ। সোমবার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে থমাস ডুলির দল। এর আগে প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ।
সিঙ্গাপুরের বিপক্ষে গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ বেশ কয়েকবার বাংলাদেশকে বিপদ থেকে রক্ষা করেন। আক্রমণ করে কর্নার থেকে একের পর এক গোলের সুযোগও তৈরি করেছিল বাংলাদেশ। কিন্তু গোলের দেখা পায়নি দলটি।
প্রতিপক্ষের হয়ে জয়সূচক গোলটি করেন হারহিস স্টুয়ার্ট। ৩৫ মিনিটে ডান দিক থেকে নুর অ্যাডাম আব্দুল্লাহর বাড়ানো ক্রসে হেড করে সিঙ্গাপুরকে এগিয়ে দেন তিনি।
ম্যাচের শুরু থেকেই বল পজিশন ধরে রাখার চেষ্টা করে দুই দল। তবে প্রথম দিকে গোলের মতো তেমন কোনো আক্রমণ গড়ে তুলতে পারেনি কেউই। ১৬ মিনিটে প্রথম ভালো সুযোগ তৈরি করে সিঙ্গাপুর। বাঁ দিক থেকে ইলহান ফান্দির নেওয়া শট ঝাঁপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।
কুলিং বিরতির পর ৩৩ মিনিটে আবারও বাংলাদেশকে বাঁচান শ্রাবণ। বক্সের বাইরে ফ্রি কিক পেয়েছিল সিঙ্গাপুর। সেখান থেকে নেওয়া দারুণ শটটি ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক। ফিরতি সুযোগ পেয়েছিল সিঙ্গাপুর, তবে এবার বিপদমুক্ত করেন তারিক কাজী।
বিরতির পর ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ বাড়ায় বাংলাদেশ। ৬৪ মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিলেন শমিত শোম। ডান প্রান্ত থেকে সাদ উদ্দিনের বাড়ানো ক্রসে আনমার্কড অবস্থায় হেড নেন এই মিডফিল্ডার। তবে তার হেড চলে যায় গোলবারের ওপর দিয়ে।
৮০ মিনিটে আবারও সুযোগ আসে বাংলাদেশের সামনে। এবার রাকিবের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
পাঁচ মিনিট পর আরও একটি ভালো আক্রমণ সাজায় বাংলাদেশ। তবে বদলি হিসেবে নামা ফাহমিদুল ইসলাম প্রতিপক্ষের গোলবক্সে থাকা রাকিবকে বল দিতে পারেননি। তার পাস দেওয়ার আগেই বিপদমুক্ত করেন সিঙ্গাপুরের এক ডিফেন্ডার।
দ্বিতীয়ার্ধে ভালো খেলেও গোলের দেখা পায়নি বাংলাদেশ। ফলে ১-০ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় জামাল ভূঁইয়া-হামজাদের।
এই হারের ফলে ২ ম্যাচে কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে দলটি।
স্বদেশ প্রতিদিন/এফএইচ