প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩২ পিএম

এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার-ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে মালয়েশিয়া নিশ্চিত হয়েছে। ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে দলটি।
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আগামী মঙ্গলবার চতুর্থ কোয়ার্টার-ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হবে লিটন কুমার দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
আইচির নিশিনে গ্রুপ পর্বে দারুণ শুরু করে মালয়েশিয়া। নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৮ উইকেটে হারিয়ে কোয়ার্টার-ফাইনালের পথে এগিয়ে যায় তারা। এরপর শনিবার ওমানের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হলে ‘বি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত হয় মালয়েশিয়ার।
অন্যদিকে ওমানকে হারিয়ে গ্রুপের রানার্সআপ হয়েছে হংকং। কোয়ার্টার-ফাইনালে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে সোমবার।
মালয়েশিয়ার প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের সাবেক কোচ ডেভ হোয়াটমোর। সম্প্রতি বাংলাদেশ সফরে এসে পাঁচ ম্যাচের সিরিজে বাংলাদেশের হাই পারফরম্যান্স (এইচপি) ও অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে সব ম্যাচেই হেরেছিল মালয়েশিয়া।
তবে এশিয়ান গেমসে এখন পর্যন্ত নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে মালয়েশিয়া। ফলে কোয়ার্টার-ফাইনালে তাদের বিপক্ষে বাংলাদেশকে সতর্ক হয়েই মাঠে নামতে হবে।
মালয়েশিয়াকে হারিয়ে বাংলাদেশ শেষ চারে উঠতে পারলে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে সামনে আসতে পারে পাকিস্তান। অন্য কোয়ার্টার-ফাইনালগুলোতে মুখোমুখি হবে ভারত-আফগানিস্তান এবং শ্রীলঙ্কা-নেপাল।
কোয়ার্টার-ফাইনাল পর্ব থেকেই এশিয়ান গেমস ক্রিকেটে শুরু হচ্ছে পদকের লড়াই। তাই মঙ্গলবার মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি শুধু সেমিফাইনালে ওঠার লড়াই নয়, বাংলাদেশের পদক জয়ের পথেও গুরুত্বপূর্ণ একটি ধাপ।
স্বদেশ প্রতিদিন/এফএইচ