প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৪ পিএম

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নতুন ভাইস-চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদার। তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার এক্সটেনশন অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক।
সোমবার (২৮ সেপ্টেম্বর) মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১০(১) ধারা অনুযায়ী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার এক্সটেনশন অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদারকে চার বছর মেয়াদে সিকৃবির ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিয়েছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৭ অক্টোবর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম।
তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ এবং পদত্যাগের দাবিতে গত দুই সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন বিএনপিপন্থী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
স্বদেশ প্রতিদিন/এস পি