প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪২ পিএম

বিপিএল না হওয়ায় ওই প্রতিযোগিতার আদলে নতুন একটি টুর্নামেন্ট আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল রাতে উদ্বোধন হয়েছে বিসিবি আয়োজিত থ্রি ডি টুর্নামেন্টের। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
নতুন এই টুর্নামেন্ট নিয়ে কথা বলতে গিয়ে আমিনুল হক বলেন, ‘এই টুর্নামেন্ট আগামীর বাংলাদেশের ক্রিকেটই নয় শুধু, আগামীর বাংলাদেশের সব খেলাকেই অনেক বেশি উদ্বুদ্ধ করবে। বছরের ছয় থেকে সাত মাস যদি আমাদের ঘরোয়া ক্রিকেট মাঠে রাখতে পারি, জাতীয় দলে যারা খেলে বা ঘরোয়া ক্রিকেটে যারা খেলে, তাদের মধ্যে আকাশ-পাতাল তফাত দেখা যাবে।’
ক্রিকেটকে এগিয়ে নিতে আরও বেশি মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা মনে হয় ক্রিকেটের দিকে ফোকাস করি না। আমরা ছোট ছোট বিষয় যেখানে তর্ক-বিতর্ক উঠবে, ওই বিষয়কে বেশি গুরুত্ব দিই। আপনাদের সবার লক্ষ্য হওয়া উচিত ক্রিকেট এবং ক্রিকেট কীভাবে এগিয়ে যাবে।’
নতুন টুর্নামেন্টের আয়োজন নিয়ে কোনো ঘাটতি দেখছেন না বলেও জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের ডি থ্রি টুর্নামেন্ট হবে, আমি সেখানে ঘাটতি দেখি না। নতুন উদ্যোগে, নতুন স্বপ্ন নিয়ে কাজ শুরু করেছে। আমরা আশা করি, এই টুর্নামেন্ট আমাদের ক্রিকেটের জৌলুস ফেরাবে।’
স্বদেশ প্রতিদিন/এস পি