প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৪ পিএম

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে সামরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চতর সামরিক প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর ডেপুটি চিফ অব আর্মি মেজর জেনারেল ক্রিস স্মিথ, ডিএসসি, এএম, সিএসসি। এ সময় এসব বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। দুই দেশের স্থলবাহিনীর পেশাগত সক্ষমতা বৃদ্ধি, পারস্পরিক প্রশিক্ষণ কর্মসূচি, প্রযুক্তিগত সহযোগিতা এবং কৌশলগত যোগাযোগ বাড়ানোর বিষয়েও মতবিনিময় করেন তারা।
বৈঠকে অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর ডেপুটি চিফ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও অবদানের প্রশংসা করেন। বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় শান্তিরক্ষীদের উন্নত প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন তিনি।
প্রতিরক্ষা উপদেষ্টা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সামরিক সহযোগিতার ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতির জন্য মেজর জেনারেল ক্রিস স্মিথকে ধন্যবাদ জানান।
তিনি আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী ও অস্ট্রেলিয়ান সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক আরও নিবিড় ও শক্তিশালী হবে এবং ভবিষ্যতে সামরিক সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ