প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৬ পিএম

সরকারি অফিস ও প্রতিষ্ঠানগুলোতে দ্রুত সৌরবিদ্যুতের ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রোববার সচিবালয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত এক সভায় তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবহারের কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করতে হবে। সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে নিজ নিজ কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে নেওয়ার পাশাপাশি বাস্তবায়নের অগ্রগতিও নিয়মিত পর্যালোচনা করতে হবে।
বিভিন্ন প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের কার্যক্রম শিগগিরই সরেজমিনে পরিদর্শন করবেন বলেও জানান তিনি।
সভায় সরকারি অফিস ও প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার চলমান কার্যক্রম এবং কর্মপরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা করা হয়।
এ সময় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়িয়ে সরকারি প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যয় কমানো এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
ঢাকায় অবস্থিত অফিস ও প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থার মাঠপর্যায়ের দপ্তরগুলোতেও সৌরবিদ্যুৎ ব্যবহারের কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান, কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. সেলিম ফকির এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এ কে এম তারেকসহ মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া ঢাকার বাইরে অবস্থিত বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানরা অনলাইনে সভায় যুক্ত হয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের সৌরবিদ্যুৎ কার্যক্রম ও অগ্রগতির তথ্য তুলে ধরেন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ