প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫০ পিএম

রাজধানীর ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধানমন্ডি ও মোহাম্মদপুর থানা পুলিশ চারজনকে আটক করেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর সড়কের বাটা শোরুমের সামনে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের ব্যানারে এ মিছিল বের করা হয়। মিছিল চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে ককটেল বিস্ফোরণ ঘটান। মিছিল শেষে পালিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করা হয়। এ সময় একটি ব্যানার উদ্ধার করা হয়েছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, ধানমন্ডি এলাকায় ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় ইমরান নামে আরও একজনকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সদস্যসচিব তারেকুজ্জামানের নেতৃত্বে সাত মসজিদ রোড থেকে মিছিলটি শুরু হয়। পরে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালের সামনে দিয়ে বাটা শোরুমের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঘটনার পর পুলিশ মিছিলের একটি ব্যানার উদ্ধার করেছে। আটক ব্যক্তিদের বিষয়ে আইনগত প্রক্রিয়া ও ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।
স্বদেশ প্রতিদিন/এস পি