প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪১ পিএম

আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি ব্যাটিং র্যাংকিংয়ে শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন ভারত, পাকিস্তান ও ইংল্যান্ডের পাঁচ ব্যাটার। ৯০৪ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন ভারতের ইশান কিষান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রকাশিত র্যাংকিং অনুযায়ী, ৮৯৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ভারতের আরেক ব্যাটার অভিষেক শর্মা। পাকিস্তানের সাহিবজাদা ফারহান ৮৪৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন। চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও জস বাটলার। তাদের রেটিং পয়েন্ট যথাক্রমে ৭৯৩ ও ৭৮৯।
ইশান কিষান
র্যাংকিংয়ের শীর্ষে থাকা ইশান কিষানের সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ ছিল ২২ সেপ্টেম্বর জাপানের বিপক্ষে। ওই ম্যাচে ৬ বল খেলে ৩ রান করেন তিনি। ৫৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইশানের মোট রান ১ হাজার ৭০১।
অভিষেক শর্মা
৮৯৩ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা অভিষেক শর্মাও সর্বশেষ জাপানের বিপক্ষে মাঠে নামেন। ২২ সেপ্টেম্বরের ওই ম্যাচে এক বল খেলে কোনো রান করতে পারেননি তিনি। ৬০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের রান ১ হাজার ৮৫৮।
সাহিবজাদা ফারহান
পাকিস্তানের সাহিবজাদা ফারহানের সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ ছিল ২৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে। ওই ম্যাচে ৬০ বলে ১০০ রানের ইনিংস খেলেন তিনি।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করেন ফারহান। টুর্নামেন্টে ৩৮৩ রান করে পাকিস্তানের অন্যতম সফল ব্যাটার হন তিনি। ৪৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার মোট রান ১ হাজার ৩০৫।
হ্যারি ব্রুক
ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক ৭৯৩ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন। ১৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচে ২১ বলে ৩৩ রান করেন তিনি। ৭১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্রুকের মোট রান ১ হাজার ৭০২।
জস বাটলার
সেরা পাঁচের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন ইংল্যান্ডের জস বাটলার। ৭৮৯ রেটিং পয়েন্ট পাওয়া বাটলারও সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছেন। ১৯ সেপ্টেম্বরের ওই ম্যাচে ৩২ বলে অপরাজিত ৬২ রান করেন তিনি।
১৬৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে বাটলারের সংগ্রহ ৪ হাজার ৩৮৪ রান।
স্বদেশ প্রতিদিন/এস পি