প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৯ পিএম

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আবারও আলোচনায় মার্কিন র্যাপার ম্যাকলমোর। এবার ইউরোপের তিন শহরে ‘ফ্রি প্যালেস্টাইন’ নামে কনসার্ট সিরিজ আয়োজনের ঘোষণা দিয়েছেন তিনি। এসব কনসার্ট থেকে অর্জিত অর্থ ফিলিস্তিন ও ফিলিস্তিনিদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর তহবিলে দেওয়ার কথা জানিয়েছেন শিল্পী।
ইনস্টাগ্রামে একটি পোস্টার শেয়ার করে নতুন এই আয়োজনের ঘোষণা দেন ম্যাকলমোর। পোস্টারে ‘Macklemore & Friends – Free Palestine Tour’ শিরোনামের পাশাপাশি ফিলিস্তিনের প্রতি সংহতি ও শান্তির বার্তা তুলে ধরা হয়েছে।
ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর আয়ারল্যান্ডের ডাবলিনে, ২৯ অক্টোবর ফ্রান্সের প্যারিসে এবং ৩০ অক্টোবর যুক্তরাজ্যের লন্ডনে কনসার্টগুলো অনুষ্ঠিত হবে। পোস্টারে উল্লেখ করা হয়েছে, কনসার্ট থেকে পাওয়া সমস্ত লভ্যাংশ ফিলিস্তিন ও ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় কাজ করা সংগঠনগুলোর জন্য দেওয়া হবে।
এর আগে ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরানের ‘লুপ ট্যুর’-এর অংশ হিসেবে পারফর্ম করছিলেন ম্যাকলমোর। একক পরিবেশনার সময় মঞ্চে তিনি ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেন এবং চলমান সংঘাতকে ‘গণহত্যা’ হিসেবে উল্লেখ করে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন।
এরপর ম্যাকলমোরকে শিরানের সফর থেকে বাদ দেওয়ার ঘোষণা আসে। এ সিদ্ধান্ত ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা ও সমালোচনা তৈরি হয়। ম্যাকলমোরের প্রতি সংহতি জানিয়ে কয়েকজন শিল্পীও এড শিরানের কনসার্ট বর্জনের ঘোষণা দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে বিষয়টি নিয়ে মুখ খোলেন এড শিরান। তিনি জানান, ম্যাকলমোরকে সফর থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত আয়োজকদের ছিল, তার নিজের নয়।
শিরানের সফর থেকে বাদ পড়ার কয়েক সপ্তাহের মধ্যেই এবার নিজের উদ্যোগে ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্ট সিরিজের ঘোষণা দিলেন ম্যাকলমোর। নতুন এই আয়োজনের মাধ্যমে ফিলিস্তিনিদের প্রতি নিজের সংহতির বার্তাই আরও স্পষ্টভাবে তুলে ধরছেন তিনি।
স্বদেশ প্রতিদিন/এস পি