প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১১ পিএম

রূপচর্চায় চোখের সৌন্দর্য ধরে রাখতে ভ্রু ও চোখের পাতার যত্ন গুরুত্বপূর্ণ। অনেকেই ভ্রু ও চোখের পাতা আরও ঘন দেখাতে বিভিন্ন প্রসাধনী ব্যবহার করেন। তবে ঘরোয়া উপাদান দিয়েও এগুলোর যত্ন নেওয়া যায়।
ক্যাস্টর অয়েলের সঙ্গে নারকেল তেল, আমন্ড অয়েল কিংবা হোহোবা অয়েল মিশিয়ে সহজেই একটি তেল তৈরি করা যায়। নিয়মিত ব্যবহারে ভ্রু ও চোখের পাতার শুষ্কতা কমিয়ে এগুলোকে স্বাস্থ্যকর ও উজ্জ্বল দেখাতে সহায়তা করতে পারে এই মিশ্রণ।
কী কী লাগবে?
এই মিশ্রণ তৈরির জন্য প্রয়োজন এক চা-চামচ ক্যাস্টর অয়েল এবং সমপরিমাণ নারকেল তেল, আমন্ড অয়েল অথবা হোহোবা অয়েল। পাশাপাশি লাগবে একটি পরিষ্কার বাটি ও তেল ব্যবহারের জন্য পরিষ্কার তুলোর বল।
ক্যাস্টর অয়েল তুলনামূলক ঘন হওয়ায় এটি সরাসরি ব্যবহার না করে অন্য কোনো হালকা তেলের সঙ্গে মিশিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
কীভাবে তৈরি করবেন?
প্রথমে একটি পরিষ্কার বাটিতে এক চা-চামচ ক্যাস্টর অয়েল নিন। এরপর এর সঙ্গে সমপরিমাণ নারকেল তেল, আমন্ড অয়েল বা হোহোবা অয়েল মিশিয়ে নিন। দুটি তেল ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভ্রু ও চোখের পাতার যত্নের মিশ্রণ।
কীভাবে ব্যবহার করবেন?
পরিষ্কার তুলোর বলে সামান্য তেল নিয়ে ভ্রু ও চোখের পাতায় আলতোভাবে লাগাতে হবে। চাইলে আঙুলের ডগা দিয়েও অল্প পরিমাণ তেল ব্যবহার করা যায়। তবে অতিরিক্ত তেল ব্যবহার না করাই ভালো, কারণ ক্যাস্টর অয়েল ঘন হওয়ায় বেশি পরিমাণে লাগালে পরে পরিষ্কার করতে অসুবিধা হতে পারে।
তেল লাগানোর পর প্রায় ৩০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলতে পারেন। রাতে কোথাও যাওয়ার পরিকল্পনা না থাকলে অল্প পরিমাণ তেল মালিশ করে সারারাত রেখেও দেওয়া যায়।
কেন ব্যবহার করা হয়?
ক্যাস্টর অয়েলে রিসিনোলেইক অ্যাসিড থাকায় এটি তুলনামূলক ঘন। ভ্রু বা লোমে ব্যবহার করলে এটি শুষ্কতা কমাতে এবং লোমকে উজ্জ্বল দেখাতে সহায়তা করতে পারে। এ কারণে ভ্রু ও চোখের পাতার যত্নে ক্যাস্টর অয়েল দীর্ঘদিন ধরে ব্যবহার করা হয়ে থাকে।
তবে চোখের খুব কাছাকাছি তেল ব্যবহারের সময় সতর্ক থাকা জরুরি। চোখের ভেতরে তেল ঢুকে গেলে অস্বস্তি বা জ্বালাপোড়া হতে পারে। সংবেদনশীল ত্বক হলে ব্যবহারের আগে অল্প জায়গায় পরীক্ষা করে নেওয়াও ভালো।
স্বদেশ প্রতিদিন/এস পি