
পাঁচ করবর্ষে ৬৬৬ কোটি টাকার বেশি কর পরিশোধের দাবির বৈধতা নিয়ে গ্রামীণ কল্যাণের করা রিট খারিজ করে হাইকোর্ট যে রায় দিয়েছিল, সেটিতে স্থগিতাদেশ দেয়নি আপিল বিভাগের চেম্বার আদালত।
হাইকোর্টের ওই রায় স্থগিত চেয়ে গ্রামীণ কল্যাণের করা পৃথক আবেদন সোমবার কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব। ফলে আপাতত হাইকোর্টের রায় বহাল রয়েছে।
আদালতে গ্রামীণ কল্যাণের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুস সামাদ আজাদ।
পরে আইনজীবী আব্দুল্লাহ আল মামুন জানান, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় এখনো প্রস্তুত হয়ে পাওয়া যায়নি—এ কারণে চেম্বার আদালত এ পর্যায়ে কোনো হস্তক্ষেপ করেননি। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তা দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আদালত জানিয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুস সামাদ আজাদ বলেন, গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে রায় স্থগিতের আবেদন করা হয়েছিল। তবে চেম্বার আদালত কোনো স্থগিতাদেশ দেননি। পূর্ণাঙ্গ রায় স্বাক্ষর হয়ে প্রকাশের পর সার্টিফায়েড কপি নিয়ে নিয়মিত লিভ পিটিশন করতে বলা হয়েছে। এ কারণে হাইকোর্টের রায় বহাল রয়েছে এবং আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
এর আগে গত ১০ সেপ্টেম্বর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের হাইকোর্ট বেঞ্চ গ্রামীণ কল্যাণের দুটি রুল খারিজ করে রায় দেন।
এরও আগে ২০২৪ সালের ৪ আগস্ট একই বেঞ্চ এ বিষয়ে গ্রামীণ কল্যাণের রিট খারিজ করে রায় দিয়েছিল। পরে একই বেঞ্চ সেই রায় প্রত্যাহার করে নেয়। বেঞ্চের কনিষ্ঠ বিচারক আগে এসব মামলায় সরকারের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করায় স্বার্থের সংঘাতের প্রশ্ন ওঠে। এরপর মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয় এবং নতুন বেঞ্চে শুনানির জন্য মামলাগুলো পাঠানো হয়।
মামলার সূত্র অনুযায়ী, পুনর্মূল্যায়নের পর ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ পর্যন্ত পাঁচ করবর্ষের জন্য গ্রামীণ কল্যাণের কাছে অতিরিক্ত কর দাবি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মধ্যে ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬ ও ২০১৬-১৭ করবর্ষ অন্তর্ভুক্ত।
এনবিআরের ওই কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৭ সালে পৃথক রিট করে গ্রামীণ কল্যাণ। ২০২৪ সালে রাষ্ট্রপক্ষ জানিয়েছিল, ওই পাঁচ করবর্ষের জন্য প্রতিষ্ঠানটির কাছে ৬৬৬ কোটি টাকার বেশি কর দাবি করা হয়েছে।
গ্রামীণ কল্যাণের চেয়ারম্যান ছিলেন ড. মুহাম্মদ ইউনূস। কর দাবিকে কেন্দ্র করে করা মামলাগুলোর সর্বশেষ শুনানিতে হাইকোর্ট রিটগুলো খারিজ করে দেওয়ার পর স্থগিতাদেশ চেয়ে চেম্বার আদালতে আবেদন করা হয়েছিল।
স্বদেশ প্রতিদিন/এফএইচ