
নীলফামারীর সৈয়দপুর একটি ঐতিহ্যবাহী পৌর শহর। ব্রিটিশ আমলে গড়ে ওঠা এই শহরের বিভিন্ন স্থাপনা, সড়ক ও রেলওয়ে কারখানায় এখনো ঔপনিবেশিক ইতিহাসের ছাপ রয়েছে। শহরের বিভিন্ন এলাকায় রয়েছে বহু পুরোনো ও বড় আকারের গাছ। এর মধ্যে ৩৩টি গাছ কেটে ফেলার উদ্যোগ নিয়েছিল সৈয়দপুর রেলওয়ে কর্তৃপক্ষ।
গত ১২ জুলাই ২০২৬ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গাছগুলো ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কায় সেগুলো কাটার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য বন বিভাগও অনুমতি দিয়েছিল। তবে সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে বর্তমানে গাছ কাটার কার্যক্রম স্থগিত রয়েছে।
সৈয়দপুরে রেলওয়ে কারখানা স্থাপিত হয় ১৮৭০ সালে। এরপর ব্রিটিশসহ বিভিন্ন এলাকার বিভিন্ন ভাষাভাষী মানুষ কাজের সূত্রে এখানে এসে বসতি গড়ে তোলেন। সময়ের সঙ্গে শহরটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও যোগাযোগকেন্দ্রে পরিণত হয়। শহরে রয়েছে একটি বিমানবন্দরও। নীলফামারী জেলার রাজস্ব আয়ের বড় একটি অংশও আসে সৈয়দপুর থেকে।
শহরের প্রধান সড়কের দুই পাশে এখনো বিভিন্ন প্রজাতির বড় গাছ দেখা যায়। পুরোনো এসব গাছ কাটার উদ্যোগের কথা জানতে পেরে সরেজমিনে কয়েকটি গাছ দেখার সুযোগ হয়।
সৈয়দপুর অফিসার্স ক্লাবের বিপরীতে পুরোনো বাবুপাড়ায় দেখা যায় বিশাল একটি শিলকড়ইগাছ। গাছটির প্রস্থ প্রায় ২২ ফুট। জানা যায়, এটিও কেটে ফেলার তালিকায় রয়েছে। অথচ গাছটির চেয়ে আরও বড় গাছও ওই এলাকায় রয়েছে। গাছটির কোনো অপ্রয়োজনীয় বা প্রতিবন্ধকতা সৃষ্টিকারী ডাল থাকলে তা ছাঁটাই করা যেতে পারে। কিন্তু পুরো গাছটি কেটে ফেলার প্রয়োজনীয়তা স্পষ্ট নয়।
পুরোনো বাবুপাড়া থেকে অফিসার্স ক্লাবের সড়ক ধরে এগোলে চোখে পড়ে বিশাল আকৃতির একটি কুম্ভীগাছ। একসময় পাতার বিড়ি তৈরিতে কাগজের পরিবর্তে কুম্ভীগাছের পাতা ব্যবহার করা হতো। রংপুর বিভাগে এত বড় কুম্ভীগাছ আর আছে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। গাছটির ফুলও বেশ আকর্ষণীয়।
এর কিছু দূরেই দেখা যায় কুরচিগাছের মতো দেখতে আরেকটি গাছ। প্রথমে অসময়ে ফুল ফোটায় এটিকে কুরচিগাছ কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়। পরে বৃক্ষবিদ মোকারম হোসেন জানান, এটি কুরচিরই একটি জাত, যা বর্ষাকালে ফুল ফোটায়। এরপর দেখা যায় একটি পুরোনো মহুয়াগাছ। তবে কুম্ভী, কুরচি ও মহুয়া—এই তিনটি গাছই ৩৩টি গাছের তালিকায় নেই।
সৈয়দপুর বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের পাশেও দেখা যায় কয়েকটি বড় গাছ। সেখানে কথা হয় শিক্ষার্থী সামিয়া ও রুহির সঙ্গে। তারা জানায়, ক্যাম্পাসের বাইরের পাশের গাছ কাটার উদ্যোগ সম্পর্কে তারা কিছু জানে না। বিষয়টি জানার পর তারা শিক্ষকদের কাছে গাছ কাটার কারণ জানতে চাইবে বলে জানায়।
ওই এলাকায় একটি সুঠাম ও সুউচ্চ আমগাছও দেখা যায়। গাছটি কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কি না বা কেন সেটি কেটে ফেলা প্রয়োজন—তা স্পষ্ট নয়।
প্রকাশিত প্রতিবেদনে স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে গাছ কাটার উদ্যোগ নেওয়ার কথা জানা গেলেও এ বিষয়ে কেউ লিখিত আবেদন করেছেন—এমন তথ্য পাওয়া যায়নি। দেশের বিভিন্ন স্থানে পুরোনো তো বটেই, মাঝবয়সী গাছও ঝড়ে বা অন্য কোনো কারণে উপড়ে পড়ে কিংবা ডাল ভেঙে যায়। তবে শুধু বয়সের কারণে গাছ কেটে ফেলার কোনো নীতিমালা থাকলে বিষয়টি ভিন্নভাবে দেখা যেত।
তাই বন বিভাগ ঠিক কীসের ভিত্তিতে এসব গাছ কাটার অনুমতি দিয়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। জনসাধারণের নিরাপত্তার জন্য গাছগুলো কাটা জরুরি হলে তার সুনির্দিষ্ট ব্যাখ্যাও থাকা দরকার। কোনো গাছ উপড়ে পড়ার ঝুঁকিতে আছে কি না, তা শুধু চোখে দেখে নির্ধারণ করা কতটা যুক্তিসংগত, সেটিও বিবেচনা করা জরুরি।
সরেজমিনে দেখা গাছগুলোর কোনোটিরই গোড়ার মাটি ধুয়ে গিয়ে শিকড় বেরিয়ে আসার মতো পরিস্থিতি দেখা যায়নি। গাছগুলো এমন কোনো ঢালু জায়গাতেও নেই, যেখানে মাটির ভারসাম্যহীনতার কারণে সহজে উপড়ে পড়ার আশঙ্কা তৈরি হতে পারে। ফলে কোনো গাছ ঝুঁকিপূর্ণ হলে সেটির বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। মানুষের জীবনহানির আশঙ্কা থাকলে অবশ্যই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
গাছ কাটার অনুমতির ক্ষেত্রে বন বিভাগ নির্দেশনা দিয়েছে, একটি গাছ কাটলে তার পরিবর্তে তিনটি গাছ লাগাতে হবে। অন্যদিকে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ৩৩টি গাছের বিনিময়ে তারা ৫ হাজার গাছ রোপণ করবে।
তবে প্রশ্ন হলো, সৈয়দপুরে রেলওয়ের এমন জায়গা যদি থাকে যেখানে ৫ হাজার গাছ রোপণ করা সম্ভব, তাহলে ওই ৩৩টি পুরোনো গাছ কাটার সঙ্গে নতুন গাছ লাগানোর সম্পর্ক কী? যে জায়গাগুলোতে গাছগুলো রয়েছে, সেখানে এসব গাছ কেটে ১০০টি চারাও রোপণ করা সম্ভব নয়। সৈয়দপুরে রেলওয়ের বিপুল জমি রয়েছে। সেখানে যদি ৫ হাজার চারা রোপণের সুযোগ থাকে, তাহলে আগেই সেসব জায়গায় গাছ লাগানোর উদ্যোগ নেওয়া যেত।
এখন গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত রয়েছে। সে ক্ষেত্রে প্রশ্ন উঠছে, রেলওয়ে কি এরপরও ৫ হাজার চারা রোপণ করবে? যদি রোপণের উপযুক্ত জায়গা থাকে, তাহলে সেই উদ্যোগ গাছ কাটার সিদ্ধান্তের সঙ্গে কেন যুক্ত থাকবে—এ বিষয়টিও পরিষ্কার হওয়া দরকার।
দেশে পুরোনো গাছের সংখ্যা ক্রমেই কমছে। অনিবার্য প্রয়োজন ছাড়া যাতে পুরোনো গাছ কাটা না হয়, সে কারণেই গাছ কাটার আগে বন বিভাগের অনুমোদনের প্রয়োজন হয়। ফলে যথাযথ যাচাই-বাছাই না করে গাছ কাটার অনুমতি দেওয়া হলে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে দেশের বৃক্ষসম্পদের ওপর।
৩৩টি পুরোনো গাছ কাটার অনুমোদন দেওয়ার ক্ষেত্রে বন বিভাগের কর্মকর্তাদের দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এমন ব্যবস্থা ভবিষ্যতে পুরোনো ও মূল্যবান গাছ রক্ষায় দৃষ্টান্ত তৈরি করতে পারে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ