প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৫ পিএম

ফেনীর ছাগলনাইয়ায় বিকল হয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে বাসের সজোরে ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে একটি কাভার্ডভ্যান মহাসড়কের ওপর বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। পরে সেটি সরিয়ে নেওয়ার জন্য কাভার্ডভ্যানের চালক ও হেলপার একটি লং ভেহিক্যালের সহায়তা নেন।
কাভার্ডভ্যানটি লং ভেহিক্যালের পেছনে বাধা অবস্থায় সরিয়ে নেওয়ার সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি ইউনিক পরিবহনের বাস দ্রুতগতিতে এসে কাভার্ডভ্যানটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যান ও বাসের সংশ্লিষ্ট ব্যক্তিরা গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় চারজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক কাভার্ডভ্যানের চালক, হেলপার ও ইউনিক পরিবহনের বাসচালককে মৃত ঘোষণা করেন।
আহত অপর ব্যক্তির অবস্থাও গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক আবু নোমান জানান, নিহত তিনজনের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে।
এদিকে দুর্ঘটনার পর পুলিশ দুর্ঘটনাকবলিত বাস, কাভার্ডভ্যান ও লং ভেহিক্যাল নিজেদের হেফাজতে নিয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মতো ব্যস্ত সড়কে বিকল যানবাহন দাঁড়িয়ে থাকা এবং তা সরানোর সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকলে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। এ ঘটনায় আবারও মহাসড়কে বিকল যানবাহন সরানোর সময় সতর্কতা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি সামনে এসেছে।
স্বদেশ প্রতিদিন/আরএম