প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৮ AM

বগুড়ার শিবগঞ্জে এক বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় গাড়িতে থাকা প্রতিমন্ত্রী ও তার স্ত্রী আহত হয়েছেন। দুর্ঘটনায় ওই বৃদ্ধাও আহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে মোকামতলা-জয়পুরহাট সড়কের কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রতিমন্ত্রী আবদুল বারী ঢাকা থেকে তার নির্বাচনি এলাকা জয়পুরহাট-২ আসনের উদ্দেশে যাচ্ছিলেন।
পথে গোপীনাথপুর এলাকায় ফিরোজা নামে এক বৃদ্ধা হঠাৎ দৌড়ে সড়ক পার হওয়ার চেষ্টা করেন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে গাড়িটি সড়কের পাশের ধানখেতে গিয়ে পড়ে।
দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আবদুল বারী ও তার স্ত্রী সামান্য আহত হয়েছেন। দুর্ঘটনার পর তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে গাড়ির ধাক্কা এড়াতে গিয়ে দুর্ঘটনা ঘটলেও বৃদ্ধা ফিরোজাও আহত হয়েছেন। পরে তাকে চিকিৎসার জন্য টিএমএসএস হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ঘটনার পর আহতদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/আরএম