সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ৪৭ জন আসামির বিরুদ্ধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে পৃথক তিন মামলায় রায় আগামী ২৭ নভেম্বর ঘোষণার করা হবে।
আজ রবিবার (২৩ নভেম্বর) ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুনের আদালত রায় ঘোষণার তারিখ ধার্য করে।
এ তথ্য দুদকের প্রসিকিউটর মো. তরিকুল ইসলাম নিশ্চিত করেছেন।
রাজউকের সদস্য খোরশেদ আলমের পক্ষে আজ যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাডভোকেট মো. শাহীনুর ইসলাম। যুক্তিতর্কে শুনানিতে এই আইনজীবী আসামিকে নির্দোষ দাবি করেন। তবে অন্য আসামিরা পলাতক থাকায় যুক্তিতর্ক উপস্থাপন করার সুযোগ পাচ্ছেন না।
উল্লেখ্য, পৃথক এই তিন মামলায় গত ১৭ নভেম্বর সাক্ষ্যগ্রহণ শেষ করে আদালত। গত ৩১ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
শেখ হাসিনা ও সাবেক সিনিয়র সচিব পূরবী গোলদারসহ ১২ জন, শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়সহ ১৭ জন এবং শেখ হাসিনা ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনকে পৃথক তিন মামলায় আসামি করা হয়েছে।
গত ২০ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-৪ ও ঢাকার বিশেষ জজ আদালত-৫ আদালতে তিনটি করে মোট ছয়টি মামলা বিচারের জন্য পাঠানোর আদেশ দেয় ঢাকার মহানগর দায়রা জজ আদালত।
মামলার অন্য আসামিরা হলেন শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব শহীদ উল্লা খন্দকার, প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী ওয়াছি উদ্দিন,সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার ও রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা। এছাড়া সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম, সদস্য (প্রশাসন ও অর্থ) কবির আল আসাদ, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) তন্ময় দাস, সদস্য (এস্টেট ও ভূমি) নুরুল ইসলাম, সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দীন, সাবেক সদস্য সামসুদ্দীন আহমদ চৌধুরী, পরিচালক (এস্টেট ও ভূমি-২) শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক হাফিজুর রহমান, হাবিবুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন।
গত জানুয়ারিতে প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগেপৃথক ৬ মামলা দায়ের করে দুদক। মামলায় সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিকসহ আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে অর্পিত ক্ষমতার অপব্যবহার করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার। তারা বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নং রাস্তার ৬টি প্লট বরাদ্দ দেওয়া হয়।