আমার বিজয় এমনভাবে হবে, আমার ধারে কাছেও কেউ আসতে পারবে না বলে মন্তব্য করেছেন, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।
আজ শনিবার (২২ নভেম্বর) সকালে রংপুরে নির্বাচনি প্রচারণাকালে তিনি এমনটা দাবি করেন।
নির্বাচনে নারীদের সবচেয়ে বেশি সাড়া পাব উল্লেখ করে আজাহারুল ইসলাম বলেন, “সাড়ে চার মাস ধরে বদরগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি। সব জায়গায় ভালো সাড়া পাচ্ছি, ইনশাল্লাহ।”
দুর্নীতির প্রসঙ্গ টেনে জামায়াত নেতা আরো বলেন, “যেহেতু দুর্নীতিমুক্ত
থেকেই এতদিন কাজ করছি, এখানে নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত থাকব ইনশাআল্লাহ।
আমি সব জায়গায় বলেছি, যদি এমপি হতে পারি- সরকারি-বেসরকারি বরাদ্দ আনব।
ক্ষমতায় গেলে সরকারি বরাদ্দের একটি হারামের টাকাও আমার পেটে ঢুকবে না
ইনশাআল্লাহ।”
অভিযোগ তুলে তিনি বলেন, “স্থানীয় প্রশাসনের অনেকে বিশেষ একটা দলের পক্ষে কাজ করে। আমরা সব সময় লেভেল প্লেয়িং ফিল্ড দাবি করে আসছি। সরকারি চাকরি যারা করেন, তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করলে এবং এটা অব্যাহত থাকলে আমার এলাকায় লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে ইনশাআল্লাহ।”
নির্বাচিত হলে সর্বপ্রথম রাস্তাঘাট তৈরি করব উল্লেখ করে তিনি বলেন, “যে সমস্ত রাস্তাঘাট হয়নি প্রশাসনকে বলে করার চেষ্টা করেছি। যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বৈষম্যের শিকার এবং এমপিওভুক্ত হয়নি সেগুলোর দিকে লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ।”
জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, “বদরগঞ্জে একটি সুগার মিল বন্ধ রয়েছে। নির্বাচিত হলে চেষ্টা করব আইনি কোনো সমস্যা না থাকলে সুগার মিলটি চালু করার। যাতে আমার এলাকার শত শত লোক চাকরি করতে পারে। এখানে স্বাস্থ্য কমপ্লেক্স আছে, কিন্তু আমাদের এখানে গরিব লোকজন বেশি। আমি ইতোমধ্যে একটা হাসপাতাল করেছি। যেখানে শত শত লোক চাকরি করছে। নির্বাচিত হলে বদরগঞ্জ ও তারাগঞ্জ দুই উপজেলায় দুটি হাসপাতাল আধুনিকায়ন করা হবে, যেন ঠিকমতো রোগীরা সেবা পায়। সুলভ মূল্যে চিকিৎসা দেওয়া হবে।”