সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
পাবনার চাটমোহরে বিনাহালে রসুন চাষে ঝুঁকছেন কৃষকরা
পাবনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৪:৩৮ পিএম

পাবনার চাটমোহর উপজেলার ১১টি ইউনিয়নে বিনাহালে পদ্ধতিতে সাদা সোনা খ্যাত রসুন আবাদে আগ্রহ বাড়ছে কৃষকদের মধ্যে। গত বছর তুলনামূলক কম দামে রসুন বিক্রি হলেও এ বছর চাষে উৎসাহ কমেনি কৃষকদের। তাদের মতে, এ পদ্ধতিতে চাষের খরচ কম, ঝামেলা কম এবং লাভও অন্যান্য ফসলের তুলনায় বেশি।

চলনবিল অঞ্চলে প্রায় দুই দশক ধরে জনপ্রিয় হয়ে ওঠা বিনাহালে রসুন এখন কৃষকদের অন্যতম লাভজনক ফসলে পরিণত হয়েছে। রসুন রোপণের গুরুত্বপূর্ণ অংশজুড়ে কাজ করেন স্থানীয় নারীরা। তারা প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা মজুরি পান, আর পুরুষ শ্রমিকেরা পান ৫০০ থেকে ৬০০ টাকা।

শ্রমিকরা জানান, আমন ধানের মৌসুম শেষ হলে তাদের প্রায়ই কাজের অভাব দেখা দেয়। কিন্তু বিনাহালে রসুন চাষের কারণে এখন সারা বছরই আয়-উপার্জনের সুযোগ তৈরি হয়েছে। নারীরা বলেন, আগে ঘরে বসে থাকতে হতো, কোনো আয় থাকত না। এখন রসুন বপন ও সংগ্রহের সময় কয়েক সপ্তাহ টানা কাজ করে বাড়তি আয় করা যায়, যা পারিবারিক ব্যয় বহনে বড় সহায়তা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে চাটমোহরে ৩,৮৫০ হেক্টর জমিতে রসুন আবাদ হয়ে ৩৭,১৫০ মেট্রিক টন উৎপাদিত হয়েছে। গড় ফলন ছিল ৯.৬৫ মেট্রিক টন। আগামী ২০২৫-২৬ অর্থবছরে ৪,৫৫০ হেক্টর জমিতে ৪৭,৯১৫ মেট্রিক টন রসুন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

চাটমোহর ছাড়াও নাটোরের গুরুদাসপুর, সিংড়া ও তাড়াশ উপজেলাতেও এই পদ্ধতিতে রসুন চাষ হয়।

ডিবিগ্রাম ইউনিয়নের বালুদিয়ার গ্রামের কৃষক জিয়উল হক জানান, এ বছর তিনি ৫ বিঘা জমিতে বিনাহালে রসুন চাষ করেছেন। জমি কর্দমাক্ত থাকা অবস্থায় সার ছিটিয়ে পরদিন সারিবদ্ধভাবে রসুনের বীজ রোপণ করতে হয়। প্রতি বিঘায় লাগে দুই মণ বীজ। বীজ রোপণের পর খড় বা বিচালি দিয়ে জমি ঢেকে দেওয়া হয়। এক মাস পর সেচের সাথে ১০ কেজি ইউরিয়া দিতে হয়। তিনি বলেন, “এই পদ্ধতিতে রোগবালাই খুবই কম। ১০০ দিনের মধ্যে ফসল ঘরে ওঠে। প্রতি বিঘায় ২৫ থেকে ৩০ মণ পর্যন্ত ফলন হয়।”

বিলচলন ইউনিয়নের বোঁথর গ্রামের কৃষক আরিফুল ইসলাম জানান, তিনি এ বছর ৭ বিঘা জমিতে রসুন চাষ করেছেন। তার হিসাবে, প্রতি বিঘায় মোট খরচ ১২ থেকে ১৫ হাজার টাকা। দাম কম থাকলেও ৬০ হাজার টাকার মতো রসুন বিক্রি করা যায়; আর দাম বেশি হলে আয় লাখ টাকা ছাড়িয়ে যায়।

কৃষকরা জানান, আমন ফসল কাটার পর মাঠ কর্দমাক্ত থাকায় রবি মৌসুমের অনেক ফসলই চাষ করা সম্ভব হয় না। সে সময়টিকে কাজে লাগিয়েই তারা বিনাহালে রসুন আবাদ করছেন, যা অতিরিক্ত আয় এবং দেশের অর্থনীতিতে অবদান রাখছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ বলেন, “বিনাহালে রসুন চাষে কৃষকেরা লাভবান হচ্ছেন। সঠিক ব্যবস্থাপনা ও সহযোগিতা অব্যাহত থাকলে আগামী মৌসুমের উৎপাদন লক্ষ্য অর্জন করা সম্ভব।”

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  পাবনা   চাটমোহর   রসুন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close