প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৯:৪০ AM

সংগৃহীত ছবি
যুক্তরাজ্যজুড়ে তীব্র শীত ও ভারী তুষারঝড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিস্তীর্ণ অঞ্চলে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে, আর ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাটে বহু পরিবার এখনো বিদ্যুৎ পরিষেবা থেকে বিচ্ছিন্ন।
বৃহস্পতিবার প্রকাশিত আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাত থেকে হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ার পর সারা দেশে শৈত্যপ্রবাহ ও তুষারঝড় বাড়তে শুরু করে। আবহাওয়া দপ্তর “থান্ডারস্নো” এর সম্ভাবনা জানিয়ে একাধিক সতর্কতা দিয়েছে।
বিবিসির তথ্য অনুযায়ী, উত্তর–পূর্ব স্কটল্যান্ডে একশোর বেশি স্কুল বন্ধ রাখা হয়েছে। ইংল্যান্ড ও ওয়েলসেও আরও কয়েকটি স্কুল খুলতে পারেনি, বিশেষ করে বরফাচ্ছন্ন রাস্তায় যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় এবং বিদ্যুৎ সমস্যার কারণে স্কুলগুলো গরমের ব্যবস্থা চালু রাখতে না পারায়।
ওয়েলসের পশ্চিমাঞ্চলে রাতের তুষার জমে যাওয়ার পর এখনও শত শত বাড়ি বিদ্যুৎহীন রয়েছে। উত্তর ইংল্যান্ডের বেশ কয়েকটি এলাকায় অ্যাম্বার সতর্কতা জারি রয়েছে, যেখানে যাতায়াত ব্যাহত হওয়া এবং আরও বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা করা হচ্ছে।
যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থাও কয়েকটি অঞ্চলে কোল্ড-হেলথ অ্যাম্বার অ্যালার্ট দিয়েছে; এতে শীতজনিত স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাওয়ার বিষয়ে বিশেষ সতর্কতা করা হয়েছে।
এদিকে নতুন করে তিনটি ইয়েলো ওয়ার্নিং জারি করা হয়েছে, যা শুক্রবার পর্যন্ত থাকবে। আবহাওয়া দপ্তর মনে করছে, ঠান্ডা আবহাওয়া আরও কয়েকদিন স্থায়ী হতে পারে।
সংবাদমাধ্যম জানায়, বুধবার রাতটি ছিল চলতি মৌসুমে ইংল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের সবচেয়ে শীতল রাত। অক্সফোর্ডশায়ারের বেনসনে তাপমাত্রা নেমে গেছে মাইনাস ৬.৬ ডিগ্রি সেলসিয়াসে, ফলে দেশজুড়ে ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডা ছড়িয়ে পড়ে।