প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৮:৩০ পিএম

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট–লালমাই) আসনে বিএনপির মনোনয়ন বঞ্চনার প্রতিবাদ ও চূড়ান্ত মনোনয়ন দাবিতে দিনব্যাপী মোটর শোভাযাত্রা করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়া। বুধবার সকালে শুরু হওয়া এ শোভাযাত্রায় সহস্রাধিক মোটরযান অংশ নেয়।
নজির আহমেদ ভূঁইয়ার নেতৃত্বে শোভাযাত্রাটি নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রধান সড়ক ঘুরে বিকেলে লালমাই উপজেলায় পৌঁছায়। লালমাইয়ের বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ শেষে রাতের দিকে পুনরায় নাঙ্গলকোট বাজারে এসে শোভাযাত্রা শেষ হয়।
শোভাযাত্রা শুরুর আগে বক্তৃতায় নজির আহমেদ ভূঁইয়া বলেন, “যখন আওয়ামী লীগের সন্ত্রাসী ও প্রশাসনের ভয়ে অনেক নেতাকর্মী দলীয় পরিচয়ও দিতে চাইতেন না, তখন টানা দুইবার নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিয়ে আমি নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছি। হামলা-মামলায় সহায়তা করেছি। দলের সিদ্ধান্তে দুইবার উপজেলা পরিষদ নির্বাচন করে ব্যক্তিগত কোটি টাকার বেশি খরচ করেও দলের জন্য কাজ করেছি। অথচ প্রাথমিক মনোনয়নে আমার নাম রাখা হয়নি। এখন যেন নিজ ঘরেই আমরা পরবাসী হয়ে পড়েছি।”
তিনি আরও বলেন, আমি প্রত্যাশা করি চূড়ান্ত মনোনয়নে আমার ত্যাগের মূল্যায়ন হবে এবং কুমিল্লা-১০ আসনে আমাকে ধানের শীষের প্রার্থী করা হবে।
স্বদেশ প্রতিদিন/এনআর