জামায়াতের নেতাকর্মীরা গত দেড় বছরে কোনো প্রতিশোধ নেয়নি: ডা. শফিকুর
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১০:০৩ পিএম

সংগৃহীত ছবি
জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, গত দেড় বছরে তাদের নেতাকর্মীরা কারও ওপর কোনো ব্যক্তিগত প্রতিশোধ নেয়নি।
আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে রাজধানীর মিরপুরে এক প্রীতি সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় ভারত সহযোগিতা করলেও পরে লুটতরাজের মাধ্যমে তার বিনিময় নিয়ে গেছে। ফ্যাসিবাদী শাসনের ১৭ বছরে ভিন্নমতের কণ্ঠরোধ করা হয়েছে। আন্দোলনকারীদের ওপর আওয়ামী সরকারের দমন-পীড়ন দেখে সাধারণ মানুষ ঘরে বসে থাকতে পারেনি। রাস্তায় গুলিতে সন্তুষ্ট না হয়ে আকাশ থেকেও গুলি চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ দায়িত্বজ্ঞানহীন আচরণ করলেও জামায়াত বিবেক দিয়ে দেশ রক্ষা করেছে। মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই কেউ প্রতিশোধ নেয়নি। শেখ হাসিনার বিচার নিরপেক্ষ ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে দাবি করে তিনি বলেন, রায়ের ফলে স্বজনহারা পরিবার কিছুটা স্বস্তি পাবে। তিনি বিচার বিভাগকে রায় কার্যকরের আহ্বান জানান।
নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দেশকে ভালোবাসলে আইনের হাতে নিজেদের সোপর্দ করুন।
তিনি আরও বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন জামায়াতের প্রধান লক্ষ্য। নৈতিকতার ভিত্তিতে নতুন শিক্ষা কাঠামো গড়ে তোলা হবে, যাতে কোনো সন্তান বিপথে না যায়। পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নেওয়াই তাদের কর্মসূচির মূল অংশ।
দেশকে দুর্নীতিমুক্ত না করা পর্যন্ত লড়াই চলবে জানিয়ে তিনি বলেন, সব সম্পদশালীর সম্পদ নিরাপদ রাখার দায়িত্ব নেবে জামায়াত। সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে তারা অঙ্গীকারবদ্ধ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দেন তিনি।
সভ্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখলেও কারও আধিপত্য মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেন জামায়াত আমির। তিনি বলেন, নারীরাই সভ্যতার কেন্দ্রবিন্দু—তাদের নিরাপত্তা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়া হবে।