প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ২:৩৬ পিএম

জুলাই গণ-অভ্যুত্থানে নিহত মীর মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে, তার কারণে ‘একবার নয়, হাজারবার মৃত্যুদণ্ড দিলেও কম হবে।’ শুধু রায় ঘোষণাই নয়, যত দ্রুত সম্ভব তাকে দেশে এনে রায় কার্যকর করতে হবে বলে দাবি করেন তিনি।
সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্নিগ্ধ বলেন, “শেখ হাসিনার সব অন্যায়-অত্যাচারের বিচার জনগণ ইতোমধ্যে দিয়ে দিয়েছে। আদালতের আনুষ্ঠানিক রায়ের অপেক্ষায় আছি। ৫ আগস্ট জনগণ যে রায় দিয়েছে, আজ আদালতের মুখ থেকেও আমরা একই রায় আশা করছি।”
তিনি আরও বলেন, “আমাদের প্রত্যাশা শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির রায় আজই ঘোষণা হোক। শুধু রায় প্রকাশ নয়; যত দ্রুত সম্ভব তাকে দেশে এনে দেশের মাটিতেই সেই রায় কার্যকর করা হোক।”
অন্যদিকে শহীদ মুতাসির রহমানের বাবা সৈয়দ গাজী রহমান দাবি করেন, শেখ হাসিনা ‘হাজারো মানুষের বুক খালি করেছেন।’ তিনি বলেন, “এই রায় যেন দ্রুত কার্যকর হয় এবং তাকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়। শেখ হাসিনা ও তার সহযোগীদেরও শাস্তির আওতায় আনতে হবে।”
ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, “এই জাতি অকৃতজ্ঞ জাতি। পাঁচ আগস্টের পর থেকে নানা ব্যস্ততা কিন্তু বিচার নেই, সংস্কার নেই। আমাদের ছেলেরা যে রক্ত দিল, তার কি হবে? জুলাই সনদের কোনো খবর নেই। আজকের রায়ে সর্বোচ্চ শাস্তি ফাঁসি ঘোষণা হোক এবং তা প্রকাশ্যে কার্যকর হোক এটাই আমাদের দাবি।”
শহীদ হাবিদুর শিকদারের বাবা মোহাম্মদ আবু বকর শিকদার বলেন, “আজ আমি আন্তর্জাতিক টার্মিনালে এসেছি শেখ হাসিনার ফাঁসির রায় যেন কার্যকর হয়। তাকে যেন ভারত থেকে এনে বাংলার মাটিতে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়। শহীদ পরিবার এবং সাধারণ মানুষ যেন তা প্রত্যক্ষ করতে পারে।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে