প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৮:৩২ পিএম

সিদ্ধিরগঞ্জে ৩১ দফা বাস্তবায়নে মান্নানের গণসংযোগ
রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ, ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় ৯নং ওয়ার্ডের জালকুড়ি এলাকায় এ গণসংযোগ ও পথসভা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি এবং নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। র্যালীটি জালকুড়ি কড়ইতলা থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে জালকুড়ি পশ্চিমপাড়া মাঠে পথসভায় শেষ হয়।
বিশেষ অতিথি ছিলেন তাঁতীদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম, মনিরুজ্জামান মনিরসহ দলের কেন্দ্রীয়, জেলা ও মহানগরের নেতারা। উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির আইন সম্পাদক অ্যাডভোকেট কাজী সুমন, বিএম ডালিম, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, সদস্য সচিব রেদোয়ান রহমান পাপ্পু, মহানগর যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।
র্যালী শেষে পথসভায় আজহারুল ইসলাম মান্নান ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করে বলেন, “সিদ্ধিরগঞ্জবাসীর পক্ষ থেকে একটি দাবি উঠেছে, এখানে একটি হাসপাতাল প্রয়োজন। আপনাদের ভোটে আমি এমপি নির্বাচিত হলে সিদ্ধিরগঞ্জে একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। সিদ্ধিরগঞ্জে কোনো সন্ত্রাস, চাঁদাবাজি বা জমি দখলবাজি চলবে না। সিদ্ধিরগঞ্জ হবে শান্তিপূর্ণ ও নিরাপদ এলাকা।”