প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৮:৩০ পিএম

আবদুর রহিম-নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট) আসনে ধানের শীষে ভোট দিলে বিগত আওয়ামী লীগ আমলে সংঘটিত দুর্ব্যবহার, চাঁদাবাজি ও অনিয়ম বন্ধ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম।
শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় নোয়াখালীর কবিরহাট উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজন করা নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশের সভাপতিত্ব করেন কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, “বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কোম্পানীগঞ্জ ও কবিরহাটে তারা যে দুরশাসন, চাঁদাবাজি ও অনিয়ম করেছে,ধানের শীষে আপনারা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে এসব অন্যায় চিরতরে বন্ধ হবে।”
তিনি আরও বলেন,“মরহুম ব্যারিস্টার মওদুদ আহমদের অসমাপ্ত বহু উন্নয়ন কাজ রয়েছে। ইনশাআল্লাহ আমি নির্বাচিত হলে সেই সব উন্নয়ন কাজ সম্পন্ন করব। কারও তদবিরে নয়, যোগ্যতার ভিত্তিতে যুবকদের চাকরির ব্যবস্থা করব।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলম আলো,সদস্য সচিব মোহাম্মদ হারুনর রশীদ আজাদ,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. এবিএম জাকারিয়া।
বিকেল থেকে কবিরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল এসে কবিরহাট বাজার জিরো পয়েন্টে বৃহৎ সমাবেশে পরিণত হয়। সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
স্বদেশ প্রতিদিন/কেআইকে