প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৮:২৮ পিএম আপডেট: ১৬.১১.২০২৫ ১২:৪০ এএম

সংগৃহীত ছবি
আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্তার নাম। সেই সত্তার নামে করা যেকোনো কর্মকাণ্ড ও কর্মসূচি আইনগতভাবে অপরাধ হিসেবে গণ্য হবে। গণহত্যার মামলার রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের নৈরাজ্য মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর পদক্ষেপ নেবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ঝিনাইদহের শৈলকূপায় জাতীয় জাগরণের কবি গোলাম মোস্তফার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের বিজয়ী শক্তি ভবিষ্যতের গণভোট ও বাংলাদেশের গতিপথ নির্ধারণ করবে। তিনি স্মরণ করান, মুক্তিযুদ্ধের বিজয়ী শক্তি ১৯৭২ সালের সংবিধান এনেছিল, আর ১৯৯০ সালের বিজয়ী শক্তি দেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করেছিল।
মো. আসাদুজ্জামান আরও বলেন, কবি গোলাম মোস্তফার লেখা কাব্যগ্রন্থ ও অন্যান্য রচনা বাঙালি মুসলমানের জীবনচেতনা, সংগ্রাম ও অধিকারবোধের চিত্র ফুটিয়ে তোলে। তার সৃষ্টিকর্ম চর্চার মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের সংগ্রাম, ঐতিহ্য ও সাম্যবাদী চেতনা সমুন্নত রাখতে পারবে।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্ব মিয়া মোশাররফ হোসেন এবং কবি গোলাম মোস্তফার সন্তান বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ারকে সংবর্ধনা দেওয়া হয়।