প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১১:৪১ AM

সংগৃহীত ছবি
অবশেষে রাওয়ালপিন্ডিতে হাসল বাবর আজমের ব্যাট। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচজয়ী সেঞ্চুরি তুলে নিয়ে ৮০৭ দিনের শতকের খরা কাটালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।
শুক্রবার (১৪ নভেম্বর) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে তার অপরাজিত ১০২ রানের ইনিংসে ভর করে ২৮৯ রানের লক্ষ্য ৪৮.২ ওভারে ৮ উইকেট হাতে রেখে জয় পেয়েছে পাকিস্তান। ফলে তিন ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জিতে নিল স্বাগতিকরা।
নেপালের বিপক্ষে সর্বশেষ শতক হাঁকিয়েছিলেন বাবর ২০২৩ এশিয়া কাপে। এরপর ৮৪ ইনিংস শতকশূন্য, এই দীর্ঘ অপেক্ষার ইতি ঘটালেন অবশেষে। ইনিংসটি সাজিয়েছেন ১১৯ বলে ৮ চার মেরে। এই সেঞ্চুরির সুবাদে ওয়ানডেতে পাকিস্তানের হয়ে সর্বাধিক শতকের তালিকায় সাঈদ আনোয়ারের সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠে গেলেন তিনি, দুজনেরই সেঞ্চুরি ২০টি।
মাত্র ১৩৬ ইনিংসে ২০তম সেঞ্চুরিতে পৌঁছে বাবর হয়ে গেলেন ওয়ানডেতে এই মাইলফলকের তৃতীয় দ্রুততম মালিক। তার ওপরে আছেন শুধু হাশিম আমলা (১০৮ ইনিংস) ও বিরাট কোহলি (১৩৩ ইনিংস)। একই সঙ্গে এটি তার অষ্টম হোম সেঞ্চুরি, যা পাকিস্তানের কোনো ব্যাটারের সবচেয়ে বেশি।
সাইম আয়ুব ও ফখর জামানের ৫৮ বলের ৭৭ রানের ওপেনিং জুটির পর ক্রিজে আসেন বাবর, শুরুটা করেন সতর্কভাবে। ২৩তম বলে প্রথম বাউন্ডারি পেলেও ৬৮ বলে পঞ্চাশ পূর্ণ করেন। এরপর ফখরের সঙ্গে ১০০ রানের দারুণ জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন। ফখরের বিদায়ের পর মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে আরো ১১২ রানের অপরাজিত জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন পাকিস্তান অধিনায়ক।
উল্লেখ্য, আগামীকাল (১৬ নভেম্বর) একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ।
স্বদেশ প্রতিদিন/ এমএস