প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৪:৩৬ পিএম

সংগৃহীত ছবি
বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর মন্তব্য করেছেন, “আবার কখনও নির্বাচন করতে পারব কিনা, তা ভাবতেই পারি না।” বিএনপির মনোনয়নপত্র ঘোষণার পর প্রথমবারের মতো নিজ এলাকায় ফেরার পথে নেত্রকোনা সদরের চল্লিশায় নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে শুক্রবার সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হয়ে আবারও নির্বাচন করতে পারব কখনও ভাবিনি। এজন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই। পাশাপাশি আমার দল, আমার নেত্রী বেগম খালেদা জিয়া ও নেতা তারেক রহমানের কাছেও শুকরিয়া আদায় করছি।
তিনি আরও বলেন, মনোনয়ন পাওয়ার পর আজকেই প্রথম আমি আমার নিজ এলাকায় ফিরছি। এজন্য নেত্রকোনাবাসীর কাছেও শুকরিয়া আদায় করি। কারণ নেত্রকোনার মানুষ আমার জন্য দোয়া করেছে। আমার নির্বাচনী এলাকা নেত্রকোনা-৪ আসনের মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরির ভাটি বাংলার মানুষ আমার জন্য রোজা রেখেছে, দোয়া করেছে, নামাজ পড়েছে। তাদের এই ঋণ আমি কখনোই ভুলতে পারব না।
আগামীতেও হাওর পাড়ের মানুষ আপনাকে মন্ত্রী হিসেবে দেখতে চায়- এমন প্রশ্নের জবাবে লুৎফুজ্জামান বাবর বলেন, পূর্বে আল্লার ইচ্ছা আর আমার নেত্রী ও নেতার কারণেই আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছিলাম। ভবিষ্যতে কি হবে তাও মহান আল্লাহতালা আর আমার নেত্রী ও নেতাই নির্ধারণ করবেন। এই ব্যাপারে আমার কোনও বক্তব্য নেই।
জুলাই সনদপত্রের প্রসঙ্গে তিনি বলেন, “জুলাই সনদের বিষয়ে আমাদের মহাসচিব ইতিমধ্যে কথা বলেছেন। প্রধান উপদেষ্টার বক্তব্যের পর দল থেকে তাকে সাধুবাদ জানানো হয়েছে। সেটাই আমার বক্তব্য, এবং আমি নিজেও তাকে সাধুবাদ জানাই।”
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ