প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৩:৩০ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর–৬ (পীরগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন পীরগঞ্জের তরুণ সংগঠক মাসুম বিল্লাহ। তিনি জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক এবং এনসিপির রংপুর বিভাগীয় উপকমিটির সদস্য।
শুক্রবার (১৪ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী মাসুম বিল্লাহ ছাত্রজীবন থেকেই সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি রংপুর অঞ্চলে এনসিপির সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করা এবং তৃণমূল পর্যায়ে দলের অবস্থান সুদৃঢ় করতে কাজ করে আসছেন।
মনোনয়ন সংগ্রহের পর প্রতিক্রিয়ায় মাসুম বিল্লাহ বলেন, “পীরগঞ্জের মানুষের পাশে থাকা আমার দায়িত্ব ও ভালোবাসা। আমি চাই রাজনীতি হোক সেবা ও উন্নয়নের হাতিয়ার। তরুণদের নেতৃত্বে আমরা পীরগঞ্জকে ন্যায়ভিত্তিক, উন্নত ও সম্প্রীতির মডেল সমাজে পরিণত করবো।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে