প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১:১২ পিএম

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে এক ‘সন্দেহভাজন’ কিশোরকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক কিশোরের বয়স প্রায় ১৪ বছর, বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক কিশোরের পরনে ছিল প্যান্ট, কোট ও টাই; হাতে ছিল একটি ব্যাগ। আচরণ সন্দেহজনক মনে হলে টহল পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে এবং পরে থানায় নিয়ে যায়।
শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, “কিশোরের কথাবার্তা বিভ্রান্তিকর। কখনও সে নিজেকে শিক্ষার্থী বলছে, কখনও ছাত্রদল বা ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত থাকার দাবি করছে। তার ব্যাগে কিছু কাগজপত্র ও উপকরণ পাওয়া গেছে, যা দেখে মনে হচ্ছে সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত।”
তিনি আরও জানান, কিশোরকে বর্তমানে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার পরিচয় যাচাইয়ের কাজ চলছে।
প্রসঙ্গত, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অনলাইনভিত্তিক ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঠেকাতে রাজধানীতে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাশকতার আশঙ্কায় সন্দেহজনক যেকোনো ব্যক্তি বা কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে