| শিরোনাম: |

সিলেট শহরের তালতলা এলাকায় বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) কার্যালয়ের পরিত্যক্ত গুদামঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বিটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় পাশের বাংলাদেশ ব্যাংক ভবনে নির্মাণ কাজ চলছিল। সেখান থেকে স্পার্ক হয়ে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে বলে তাদের ধারণা। এতে প্রাথমিকভাবে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়।
বিটিসিএলের সিলেট উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মিহির রায় বলেন, “আগুনে গুদামঘরে থাকা কিছু পুরোনো যন্ত্রাংশ ও অফিস সামগ্রী পুড়ে গেছে। তবে বড় কোনো ক্ষতি হয়নি। সময়মতো ফায়ার সার্ভিস পৌঁছানোর কারণে আগুন ছড়িয়ে পড়েনি।”
ফায়ার সার্ভিসের সিলেট তালতলা অফিসের সিনিয়র স্টেশন অফিসার কুতুব উদ্দিন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি দুর্ঘটনা। পাশের ভবনের বৈদ্যুতিক স্পার্ক থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। নাশকতার কোনো আলামত এখন পর্যন্ত পাওয়া যায়নি।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ