| শিরোনাম: |

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার দুবলা এলাকায় গভীর রাতে রেললাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত পৌনে ২টার দিকে আখাউড়া-চিনাইর সড়কের পাশে এ ঘটনা ঘটে। ঘটনাটির পরপরই কিছু সময়ের জন্য ওই রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, ফলে চট্টগ্রামগামী তূর্ণা নিশিথা ও বিজয় এক্সপ্রেস ট্রেন দুটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আটকা পড়ে।
স্থানীয়রা জানান, রাতের নীরবতায় হঠাৎ রেললাইনের পাশে আগুন জ্বলতে দেখে তারা চিৎকার দেন। খবর পেয়ে দ্রুত রেলওয়ে পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে রেলওয়ে কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে ট্রেন চলাচল পুনরায় শুরু করে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম বলেন, “দুর্বৃত্তরা রেললাইনের ওপর প্লাস্টিকের পাইপে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই, তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।”
তিনি আরও জানান, আগুনে রেললাইনের কোনো কাঠামোগত ক্ষতি হয়নি। বর্তমানে ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ