প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৭:০৪ পিএম আপডেট: ১২.১১.২০২৫ ৭:০৯ PM

নান্দাইলে ধানের শীষের প্রচারনায় বিএনপি প্রার্থীর বিশাল গণমিছিল ও সমাবেশ
ময়মনসিংহের নান্দাইল নির্বাচনী এলাকার আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীকে মনোনয়ন পেয়েছেন ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির অন্যতম সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী।
মনোনয়ন পাওয়ার পর মঙ্গলবার বিকালে ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকার নিজ বাড়িতে আসার খবর এলাকায় ছড়িয়ে পড়লে নান্দাইল উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এলাকার অগণিত নেতাকর্মী ও সাধারণ জনগণ মোটরসাইকেল, পিকআপ, মাইক্রোবাস, সিএনজি সহ ফুলের তোড়া নিয়ে নান্দাইলের শেষ সীমানা কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের মুশুলী ইউনিয়নের জামতলা এলাকায় নেতাকর্মীরা স্বাগত জানিয়ে বরণ করেন।
ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়ে তারা বিশাল গণমিছিল সহকারে কানারামপুর মোড়ে এসে গণমিছিল শেষ করে এক বিশাল সমাবেশে পৌঁছান।
সমাবেশে বিএনপি নেতা ও ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ইয়াসের খান চৌধুরী বলেন, “আমি আজ নান্দাইলে দলীয় নেতাকর্মীসহ গণমানুষের ভালোবাসায় মুগ্ধ হয়েছি। এই বিশাল গণমিছিল দেখে বুঝতে পেরেছি নান্দাইলের মানুষ আমাকে কতটা ভালোবাসে। মহান রাব্বুল আলামিন যদি আমাকে এমপি নির্বাচিত করে এই আসনটি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে পারেন, তবে আমি আপনাদেরকে নিয়েই সকল মানুষের উন্নয়নে অবদান রাখব, ইনশাল্লাহ।”
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, “আপনাদের ভালোবাসায় আমার শক্তি। জনগণই আমার ভরসা। আমি ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবসময় আপনাদেরকে সঙ্গে নিয়ে মাঠে থাকব। আমি কোনো নেতা নই, একজন সাধারণ কর্মী হিসাবে আপনাদের পাশে থাকতে চাই। আমি দলের প্রতিটি নেতাকর্মীকে নিয়ে কাজ করব এবং যোগ্যদের মূল্যায়ন করবে দল। তাই আবারও সকলের প্রতি আহবান জানাচ্ছি, আসুন সকল বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে এক কাতারে থেকে ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করি।”
সমাবেশে নান্দাইল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন ও সদস্য সচিব এনামুল কাদিরসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।