প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৪:৫১ AM

চট্টগ্রাম বিভাগ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বয়সভিত্তিক ক্রিকেট কমিটির চেয়ারম্যান আসিফ আকবর সম্প্রতি দেশজুড়ে ফুটবল কার্যক্রমকে নিয়ে চরম সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেছেন, ফুটবল খেলোয়াড়দের কারণে ক্রিকেট মাঠে খেলা বাধাগ্রস্ত হচ্ছে।
শনিবার (৮ নভেম্বর) বিসিবির কনফারেন্সে বক্তব্য দিতে গিয়ে আসিফ বলেন, “ফুটবলারদের কারণে গোটা দেশে ক্রিকেট খেলা যাচ্ছে না। তারা উইকেট ভেঙে ফেলে এবং প্রতিটি জেলার স্টেডিয়াম দখল করে রেখেছে। এমনকি যেখানে ফুটবলের আয়োজন নেই, সেখানে ও স্টেডিয়াম ব্যবহার করছে।”
আসিফ আরও বলেন, “ফুটবলারদের ব্যবহার খুব খারাপ। ক্রিকেট একটি ডিসিপ্লিনড ও আভিজাত্যের খেলা। আমাদের কাছে এটি গুরুত্বপূর্ণ, তাই প্রয়োজন হলে আমরা ব্যবস্থা নিতে প্রস্তুত।” তিনি জানান, ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট খেলোয়াড়রা সাধারণত ভদ্র আচরণ করেন, কিন্তু ফুটবল খেলোয়াড়দের আচরণে সমস্যা দেখা দিচ্ছে।
ক্রিকেট খেলার সুযোগ নিশ্চিত করতে আসিফ বাফুফের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার জন্য বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল-কে অনুরোধ করেছেন।
তিনি বলেন, “আমাদের বাচ্চাদের খেলার সুযোগ দিতে হবে। আমরা মারামারি করতে যাব না, তবে প্রয়োজন হলে করব। আমাদের শপথ আছে, আমাদের ছেলেমেয়েরা খেলবে।”
আসিফ আকবর ইতোমধ্যে বিভিন্ন জেলায় ক্রিকেটের উন্নয়নে কাজ শুরু করেছেন এবং মাঠ ব্যবহারের এই সমস্যার দ্রুত সমাধান চান।
স্বদেশ প্রতিদিন/কেআইকে