
জাতীয় নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনে ব্যাপক রদবদলের অংশ হিসেবে দেশের আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এর ফলে দুই দিনে মোট ২৯টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হলো। এর আগের দিন শনিবার (৮ নভেম্বর) রাতে ১৫ জেলার ডিসি বদলি বা নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।
নতুন জেলা প্রশাসক পাওয়া জেলাগুলো হলো, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, জয়পুরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ ও চাঁদপুর।
নিয়োগের মধ্যে নড়াইলের জেলা প্রশাসক (ডিসি) শারমিন আক্তার জাহানকে ব্রাহ্মণবাড়িয়ার ডিসি করা হয়েছে, আর মেহেরপুরের ডিসি মোহাম্মদ আব্দুল ছালামকে বদলি করে নড়াইলের ডিসি করা হয়েছে।
এ ছাড়া নতুনভাবে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আব্দুল্লাহ আল মাসউদ (ঝিনাইদহ), খুলনার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার মো. ইউসুপ আলী (জামালপুর), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহার (মেহেরপুর), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লা (কিশোরগঞ্জ), নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক মো. মমিন উদ্দিন (ঝালকাঠি)।
এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. আরিফ-উজ-জামান (গোপালগঞ্জ), অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব মোহাম্মদ কামাল হোসেন (চুয়াডাঙ্গা), গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব কাজী মো. সায়েমুজ্জামান (পঞ্চগড়), প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক (উপসচিব) মো. আল-মামুন মিয়া (জয়পুরহাট), কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুর রহমান (ময়মনসিংহ), খাগড়াছড়ির জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকারের উপপরিচালক নাজমুন আরা সুলতানা (মানিকগঞ্জ), এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের পরিচালক (উপসচিব) মো. নাজমুল ইসলাম সরকার (চাঁদপুর) নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনকে আরও গতিশীল ও কার্যকর করতে এই রদবদল করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে