প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৩:১৬ AM

বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে স্থূলতার (ওবেসিটি) ঝুঁকি। বিশেষ করে তরুণ ও কমবয়সিদের মধ্যেও বাড়ছে অতিরিক্ত ওজনের প্রবণতা। গবেষণা বলছে, প্রতি পাঁচজনের মধ্যে অন্তত দু’জন স্থূলতার সমস্যায় ভুগছেন। চিকিৎসকরা সতর্ক করছেন এই প্রবণতা নিয়ন্ত্রণে না আনলে ভবিষ্যতে তা মহামারির আকার নিতে পারে।
বিখ্যাত মেডিক্যাল জার্নাল ‘দ্য ল্যানসেট’ এর এক সমীক্ষা অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে স্থূলতা বৈশ্বিক মহামারিতে রূপ নিতে পারে। এতে ভারত, চীন ও যুক্তরাষ্ট্র থাকবে শীর্ষে। শুধু তাই নয়, ভারতের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশই তখন স্থূলতার সমস্যায় আক্রান্ত হতে পারেন। দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে বাংলাদেশেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে, কারণ জীবনযাপন ও খাদ্যাভ্যাসে দুই দেশের মধ্যে রয়েছে ঘনিষ্ঠ মিল।
কিন্তু শরীরের ওজন বাড়তে শুরু করলে তার প্রাথমিক সংকেত কোথায় ধরা পড়ে পেট, কোমর না নিতম্বে? চিকিৎসকদের মতে, উত্তরটি একেবারেই আলাদা। আশ্চর্যজনকভাবে শরীরে মেদ জমতে শুরু করলে প্রথম ইঙ্গিত পাওয়া যায় জিভে।
বিশেষজ্ঞদের ব্যাখ্যা, জিভের তিনটি অংশ রয়েছে এর মধ্যে নিচের অংশে (তলার দিকে) মেদ জমতে শুরু করে যখন দেহের ওজন বাড়ে। জিভ ফুলে গেলে বা মোটা হয়ে গেলে তা দেহে অতিরিক্ত চর্বি জমার প্রাথমিক লক্ষণ হতে পারে।
ওজন বাড়ছে কীভাবে বুঝবেন?চিকিৎসকরা বলছেন, অনেক সময় নিজে না বুঝলেও আশেপাশের মানুষ টের পায়। এর অন্যতম লক্ষণ হলো নাক ডাকা। আগে থেকে নাক ডাকলেও ওজন বেড়ে গেলে তার শব্দের ধরন ও তীব্রতায় পরিবর্তন আসে। তাই নিয়মিত নাক ডাকার ধরণ বদলে গেলে সেটিও ওজন বৃদ্ধির একটি সতর্ক সংকেত হতে পারে।
স্বাস্থ্যবিশেষজ্ঞদের পরামর্শ, নিয়মিত শরীরচর্চা, সুষম খাদ্যাভ্যাস ও পর্যাপ্ত ঘুম স্থূলতা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।
সূত্র: এই সময়স্বদেশ প্রতিদিন/কেআইকে