প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ১:৩৯ AM

নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথমবারের মতো একজন মুসলিম এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নেতা হিসেবে মেয়র নির্বাচিত হয়েছেন জোরান মামদানি। ৩৪ বছর বয়সী এই ডেমোক্র্যাট নেতা আগামী ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। তবে দায়িত্ব নেওয়ার আগেই নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে (এনওয়াইপিডি) শুরু হয়েছে ব্যাপক অস্থিরতা ও পদত্যাগের ঢল।
নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মামদানির জয় ঘোষণার পর থেকে এনওয়াইপিডি কর্মকর্তাদের মধ্যে মনোবল ভেঙে পড়েছে। অনেকেই তাঁর সম্ভাব্য নীতিমালা নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বেচ্ছায় অবসর নিচ্ছেন বা চাকরি ছেড়ে দিচ্ছেন।
নিউইয়র্ক পুলিশ পেনশন তহবিলের তথ্য অনুযায়ী, শুধু অক্টোবর মাসেই পদত্যাগের হার বেড়েছে ৩৫ শতাংশ। গত বছরের একই সময়ে যেখানে ১৮১ জন কর্মকর্তা পদত্যাগ করেছিলেন, এ বছর সেই সংখ্যা বেড়ে ২৪৫ জনে পৌঁছেছে।
গোয়েন্দা এনডাউমেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি স্কট মুনরো বলেন, “মামদানি যে নীতিমালা বাস্তবায়নের পরিকল্পনা করছেন, তা নিয়ে পুরো বাহিনী উদ্বিগ্ন। এমন একজন মানুষ শহরের নেতৃত্ব দিতে যাচ্ছেন, যিনি আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আস্থা রাখেন না।”
একইসঙ্গে পুলিশ বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশনের (পিবিএ) সভাপতি প্যাট্রিক হেন্ড্রি সতর্ক করে বলেন, “প্রতি মাসে আমরা এমন সংখ্যক পুলিশ হারাচ্ছি, যা দিয়ে পুরো একটি প্রিসিঙ্কট পরিচালনা করা সম্ভব। শহরের নেতারা যদি কাজের চাপ, মেয়াদোত্তীর্ণ চুক্তি এবং অনিশ্চয়তা দূর করতে দ্রুত উদ্যোগ না নেন, তবে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে