ড. ইউনূসকে নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানাল ঢাকা
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২:৩২ AM

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের করা মন্তব্যকে ‘ভুল’ ও ‘কূটনৈতিক শিষ্টাচারবিরোধী’ আখ্যা দিয়েছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে রাজনাথ সিং সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন, তা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (৯ নভেম্বর) গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম বলেন, “ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্পর্কে যে মন্তব্য করেছেন, তা আমাদের নজরে এসেছে। আমরা মনে করি, এই মন্তব্যটি ভুল এবং দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এটি সহায়ক নয়। পাশাপাশি, এ ধরনের বক্তব্য কূটনৈতিক শিষ্টাচার ও সৌজন্যের প্রতিও অসম্মানজনক।”
এর আগে ভারতের নেটওয়ার্ক১৮ গ্রুপের প্রধান সম্পাদক রাহুল জোশির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে রাজনাথ সিং বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে তাঁর বক্তব্যে সতর্ক থাকার পরামর্শ দেন। গত শুক্রবার (৭ নভেম্বর) নেটওয়ার্ক১৮ গ্রুপের গণমাধ্যম ফার্স্টপোস্ট এ সাক্ষাৎকারটি প্রকাশ করে।
সাক্ষাৎকারে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, “নয়াদিল্লি বাংলাদেশের সঙ্গে কোনও উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না। অধ্যাপক ইউনূসের উচিত তিনি কী বলছেন, সে বিষয়ে সতর্ক থাকা।”
তিনি আরও বলেন, “ভারত যেকোনও ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। যদিও আমাদের লক্ষ্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে