প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ২:২০ পিএম

এক সময়ের জনপ্রিয় জুটি ছিলেন অক্ষয় কুমার ও রাবিনা ট্যান্ডন। নব্বইয়ের দশকের মাঝামাঝি তাদের প্রেম ও ঘনিষ্ঠতা ছিল বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দু। ‘মোহরা’ ছবির সময় থেকেই শুরু হয় তাদের সম্পর্ক, যা শেষ পর্যন্ত বাগদান পর্যন্ত গড়ায়। তবে কয়েক বছরের মধ্যেই সে সম্পর্ক ভেঙে যায়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই পুরোনো সম্পর্ক ও বাগদান ভাঙা প্রসঙ্গে মুখ খুলেছেন রাবিনা ট্যান্ডন।
সাক্ষাৎকারে রাবিনাকে প্রশ্ন করা হয়, কেন এত বছর পরও মানুষ অক্ষয়ের সঙ্গে তার ভাঙা সম্পর্ক নিয়ে আলোচনা করে। জবাবে অভিনেত্রী বলেন, “আমি তো সেসব ভুলেই গেছি! এখনো মানুষ কেন সেটা নিয়ে পড়ে আছে বুঝি না।”
তিনি আরও বলেন, “হ্যাঁ, কিছু অনস্ক্রিন জুটি মানুষ ভুলতে পারে না। ‘মোহরা’-র সময় আমরা হিট জুটি ছিলাম। এখনো কোথাও দেখা হলে খুব স্বাভাবিকভাবে কথা হয়। সবাই জীবনে এগিয়ে যায়। আজকাল তো মেয়েরা কলেজে প্রতি সপ্তাহেই বয়ফ্রেন্ড বদলায়। আর আমার একটাই বাগদান ভেঙেছিল সেটাই এখনো লোকের মাথায় ঘুরছে! এটা নিয়ে এত ভাবনার কী আছে?”
বর্তমানে রাবিনা সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন ব্যবসায়ী অনিল থাডানির সঙ্গে। তাদের ২১ বছরের সংসারে এক কন্যা, রাশা থাডানি, যিনি এ বছরই বলিউডে পা রেখেছেন।
অন্যদিকে, অক্ষয় কুমার ২০০১ সালে অভিনেত্রী টুইঙ্কেল খান্নাকে বিয়ে করেন।
দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন অক্ষয় ও রাবিনা। তাদের দেখা যাবে আসন্ন চলচ্চিত্র ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এ।
স্বদেশ প্রতিদিন/কেআইকে