প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৮:৫৮ AM

সংগৃহীত ছবি
ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক অভিযানের নামে গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ তার সরকারের ৩৭ জন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক।
গতকাল শুক্রবার তুরস্কের ইস্তাম্বুল শহরের শীর্ষ সরকারি কৌঁসুলির দপ্তর থেকে এই পরোয়ানা জারি করা হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। পরোয়ানায় অন্তর্ভুক্তদের মধ্যে রয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ, জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গিভর, এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইয়া’আল জামির।
পরোয়ানায় উল্লেখ করা হয়েছে, গাজায় গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ত্রাণবাহী ফ্লোটিলাকে আটকে দেওয়ার ঘটনাকে ভিত্তি করে এই অভিযোগ আনা হয়েছে।
পরোয়ানা জারির পরপরই এর তীব্র নিন্দা জানায় ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদন সা’র এক বিবৃতিতে বলেন, “এরদোয়ান তুরস্কের বিচারব্যবস্থাকে রাজনৈতিক প্রতিপক্ষ, সাংবাদিক ও বিচারকদের দমন করার হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। এই পরোয়ানা তার রাজনৈতিক প্রচারণারই অংশ।”
প্রসঙ্গত, গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালত (আইসিজে)-তে যে মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা, তাতে বাদিপক্ষ হিসেবে যোগ দিয়েছে তুরস্কও। এমন এক সময়ে এই পরোয়ানা জারি করা হলো, যখন গাজায় একটি নাজুক যুদ্ধবিরতি চলছে।
তুরস্কের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে গাজা নিয়ন্ত্রিত সংগঠন হামাস। এক বিবৃতিতে তারা জানায়, “গাজার ইস্যুতে তুরস্কের জনগণ ও নেতৃত্বের নৈতিক অবস্থান এই সিদ্ধান্তের মাধ্যমে আরও একবার প্রমাণিত হলো।”
সূত্র: সিএনএন