প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৮:৩০ পিএম

সংগৃহীত ছবি
বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম বিস্ফোরক অভিযোগ তুলেছেন সাবেক ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে। তিনি অভিযোগ করেছেন— দায়িত্বে থাকা অবস্থায় মঞ্জুরুলসহ আরও কয়েকজন তাঁর প্রতি যৌন হয়রানি ও মানসিক নির্যাতন চালিয়েছেন।
তবে জাহানারার অভিযোগটি উড়িয়ে দিয়েছেন মঞ্জুরুল। বর্তমানে চীনে অবস্থান করছেন তিনি। জাহানারার অভিযোগের প্রতিক্রিয়ায় বার্তা সংস্থা এএফপিকে মঞ্জুরুল বলেন, 'সব মিথ্যা। আপনি দলের অন্য মেয়েদের জিজ্ঞাসা করে দেখতে পারেন।'
বৃহস্পতিবার (৬ নভেম্বর) জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেওয়া সাক্ষাৎকারে জাহানারা দাবি করেন, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় মঞ্জুরুল ইসলাম তার সঙ্গে অনৈতিক আচরণ করেছিলেন। তিনি বলেন, ‘উনি (মঞ্জুরুল ইসলাম) আমার কাছে আসলো, এসে আমার কাঁধে হাত দিয়ে বলছে- “তোর পিরিয়ডের কত দিন চলছে? পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে তখন ডাকবো, চলে আসিস।”’
বিসিবির কাছে একাধিকবার বিষয়টি জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন জাহানারা। তিনি বলেন, ‘দেড় বছরে অসংখ্যবার অভিযোগ করেছি। আমাদের তৎকালীন নারী উইংয়ের প্রধান নাদেল স্যারকে বারবার জানিয়েছি। এক- দু’দিন ঠিক থাকত, এরপর আবার আগের অবস্থায় ফিরে যেত।’
এদিকে জাহানারার উত্থাপিত অভিযোগের বিষয়ে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করতে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘বাংলাদেশ নারী জাতীয় দলের সাবেক এক খেলোয়াড়ের করা অভিযোগকে আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করছি। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় বিস্তারিত তদন্তের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হচ্ছে।’
বিসিবির মতে, এই কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন ও সুপারিশ দাখিল করবে।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ