
টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক ইতিহাসের সর্বোচ্চ করপোরেট বেতন-ভাতা প্যাকেজের অনুমোদন পেয়েছেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে টেসলার বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ৭৫ শতাংশের বেশি শেয়ারহোল্ডার মাস্কের জন্য প্রস্তাবিত এই বিশাল বেতন-ভাতা প্যাকেজে সমর্থন জানান।
এতে করপোরেট ইতিহাসে এটিই এখন পর্যন্ত অন্যতম বৃহত্তম বেতন চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। অনুমোদনের ফলে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ক আগামী এক দশকে সর্বোচ্চ ১ ট্রিলিয়ন ডলার মূল্যের টেসলার শেয়ার পেতে পারেন। তবে কর ও অন্যান্য কর্তনের পর এ শেয়ারের প্রকৃত মূল্য দাঁড়াবে প্রায় ৮৭৮ বিলিয়ন ডলার।
টেসলার পরিচালনা পর্ষদ আগেই সতর্ক করেছিল, এই প্যাকেজ না পেলে মাস্ক কোম্পানি ছেড়ে দিতে পারেন। যদিও কিছু বিনিয়োগকারী এটিকে অতিমাত্রায় ব্যয়বহুল বলে সমালোচনা করেছেন।
ভোট অনুমোদনের পর মাস্ক বলেন, “আমরা টেসলার ভবিষ্যতের নতুন অধ্যায়ে নয়, বরং এক নতুন যুগের সূচনায় প্রবেশ করছি।”
তবে মাস্কের এই বিশাল বেতন-ভাতা প্যাকেজ নিয়ে আপত্তি তুলেছে নরওয়ের সার্বভৌম সম্পদ তহবিল ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া পাবলিক এমপ্লয়িজ রিটায়ারমেন্ট সিস্টেম (CalPERS)। তাদের দাবি, এটি শেয়ারহোল্ডারদের স্বার্থের পরিপন্থি। অন্যদিকে টেসলার বোর্ডের মত, মাস্কের নেতৃত্ব ছাড়া কোম্পানির অগ্রগতি সম্ভব নয়।
মাস্ক তার ভবিষ্যৎ পরিকল্পনায় স্বয়ংচালিত গাড়ি, যুক্তরাষ্ট্রজুড়ে রোবোট্যাক্সি নেটওয়ার্ক এবং মানবাকৃতির রোবট বিক্রির লক্ষ্যের কথা উল্লেখ করেন। তিনি জানান, আগামী এপ্রিল থেকেই দুই সিটের স্টিয়ারিংহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’-এর উৎপাদন শুরু হবে। পাশাপাশি নতুন প্রজন্মের ইলেকট্রিক স্পোর্টস কার ‘রোডস্টার’ও শিগগির উন্মোচন করা হবে।
এছাড়া টেসলাকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ তৈরির জন্য একটি বিশাল কারখানা গড়তে হবে বলেও জানান মাস্ক। এ ক্ষেত্রে ইন্টেলের সঙ্গে অংশীদারত্বের সম্ভাবনাও রয়েছে।
আগামী এক দশকে মাস্কের লক্ষ্য ২ কোটি গাড়ি উৎপাদন, ১০ লাখ রোবোট্যাক্সি চালু, ১০ লাখ রোবট বিক্রি এবং ৪০০ বিলিয়ন ডলার মুনাফা অর্জন। এসব লক্ষ্য পূরণে টেসলার বাজারমূল্য বর্তমান ১.৫ ট্রিলিয়ন ডলার থেকে প্রথমে ২ ট্রিলিয়ন এবং পরবর্তীতে ৮.৫ ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে হবে।
প্রতিটি লক্ষ্য অর্জনের পর মাস্ক কোম্পানির ১ শতাংশ করে শেয়ার পাবেন। সব লক্ষ্য পূরণ হলে তিনি মোট ১২ শতাংশ শেয়ার অর্জন করবেন, যার আনুমানিক মূল্য প্রায় ১ ট্রিলিয়ন ডলার।
এছাড়া শেয়ারহোল্ডাররা মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ এক্সএআইতে (xAI) টেসলার বিনিয়োগের পক্ষে ভোট দিয়েছেন।
স্বদেশ প্রতিদিন/কেআইকে