প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ২:১৪ পিএম

অবশেষে বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশলের ঘর ভরে উঠল নতুন অতিথির আগমনে। ৪২ বছর বয়সে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ক্যাটরিনা। শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে সুখবরটি নিশ্চিত করেছেন ভিকি কৌশল।
নিজের পোস্টে ভিকি লিখেছেন, “আমাদের খুশির কারণ পৃথিবীতে এসেছে।” বার্তার সঙ্গে যুক্ত করেন একটি হৃদয়ের ইমোজি। মুহূর্তের মধ্যেই এই পোস্টে ভেসে আসে ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছা বার্তা।
২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানের বিলাসবহুল দুর্গে রাজকীয় আয়োজনে বিয়ে করেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। বিয়ের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এই জনপ্রিয় তারকা দম্পতি।
চলতি বছরের শুরু থেকেই ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়ায় বলিউড অঙ্গনে। লন্ডনে মায়ের কাছে গিয়ে দীর্ঘ সময় অবস্থান, চলচ্চিত্র থেকে বিরতি নেওয়া এবং বিভিন্ন তীর্থস্থানে যাওয়া এসব কারণেই গুঞ্জন আরও জোরালো হয়।
গত সেপ্টেম্বর মাসে নিজের একটি ছবি প্রকাশ করে ক্যাটরিনা লিখেছিলেন, “আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু করতে যাচ্ছি। এত ভালোবাসায় ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে