| শিরোনাম: |

দিনাজপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং দেশের সাবেক পররাষ্ট্র, অর্থ ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী (৮৩) আর নেই। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন এবং গত ১৩ দিন ধরে বারডেম হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। রাতেই ধানমন্ডির নিজ বাসার সামনে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে এবং পরে তাঁকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে।
১৯৪৩ সালের ২ জুন দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের খামার বিষ্ণুগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন আবুল হাসান মাহমুদ আলী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক শেষে ১৯৬৩ সালে তিনি সেখানেই শিক্ষকতা শুরু করেন এবং ১৯৬৬ সালে তৎকালীন পাকিস্তান ফরেন সার্ভিসে যোগ দেন।
পরবর্তীতে ১৯৬৮ সালে তিনি নিউইয়র্কে পাকিস্তানের ভাইস-কনসাল হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে অবস্থানকালেই বাংলাদেশের স্বাধীনতার পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবাসী বাঙালিদের সংগঠিত করেন। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেন এবং মুজিবনগর সরকারের প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত হন।
স্বাধীনতা আন্দোলনের আন্তর্জাতিক প্রচারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, বিশেষ করে যুক্তরাষ্ট্র, কানাডা ও জাতিসংঘে বাংলাদেশের পক্ষে সমর্থন আদায়ে।
রাজনীতিতে তিনি দীর্ঘ সময় আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত তিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। পরবর্তীতে ২০২৪ সালের জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে অর্থমন্ত্রীর দায়িত্বও পালন করেন।
তবে ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন ও সংসদ বিলুপ্তির ফলে তিনি তাঁর সংসদ সদস্য পদ হারান।
স্বদেশ প্রতিদিন/ আরএফ