ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর ঢাকা থেকে ভোলায় ফেরার পথে লাখো মানুষের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে তিনি ঢাকা থেকে সড়ক পথে লক্ষ্মীপুরে পৌঁছান। এ সময় ভোলা থেকে ৬৫টি স্প্রিড বোটে দলের সিনিয়র নেতারা তাকে স্বাগত জানান। দুপুর ১২টায় লক্ষ্মীপুর থেকে স্প্রিড বোটে ভোলার ইলিশা লঞ্চঘাটে আসার পর তাকে ফুলের শুভেচ্ছা দেওয়া হয়। সকাল থেকেই বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ধীরে ধীরে লঞ্চঘাটে জড়ো হতে শুরু করেন এবং এক পর্যায়ে তা জনসমুদ্রে রূপ নেয়। প্রিয় নেতা ইলিশা ঘাটে পৌঁছালে লক্ষাধিক মানুষের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় তিনি সিক্ত হন।
এরপর কয়েক হাজার মোটরসাইকেল শোভাযাত্রার সঙ্গে শহরের কালীনাথ রায়ের বাজার এলাকায় দলীয় কার্যালয়ে পৌঁছান গোলাম নবী আলমগীর। দীর্ঘ ১২ কিলোমিটার পথ জুড়ে দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষ এক নজর দেখার জন্য ভীড় জমিয়ে দেন। প্রতিটি বাজার এবং প্রতিটি মোড়ে মোড়ে তারা ফুলের শুভেচ্ছা প্রদর্শন করে তাকে সংবর্ধনা জানান।
শহরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আলহাজ্ব গোলাম নবী আলমগীর প্রথমে তার বাবা-মায়ের কবর জিয়ারত করতে ছুটে যান ভোলা দারুল হাদিস আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে পারিবারিক কবরস্থানে। সেখানে তার বড় ভাই, দক্ষিণ বাংলার বিএনপির অন্যতম সংগঠক এবং সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মরহুম মোশারেফ হোসেন শাজাহানের কবর জিয়ারত করেন।
এরপর তিনি দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
এসময় আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেন, আমি আপনাদের এলাকার সন্তান। বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ভোলা-১ আসনের সাধারণ মানুষের সেবা করার লক্ষ্যে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। তাই আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়ী করে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত শক্তিশালী করবেন, যাতে দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকে।
বিএনপির মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীর নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, আমি আপনাদের দোয়া ও ভালোবাসার কাছে চির কৃতজ্ঞ। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার ওপর আস্থা রেখেছেন। আমি সেই আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করব। আশা করি, আপনারা সকলেই আমার সঙ্গে থেকে আগামী নির্বাচনে সব ভেদাভেদ ভুলে দলীয় কর্মী ও সমর্থকবৃন্দের সঙ্গে মিলিত হয়ে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করবেন।
এ সময় জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্মআহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, হুমায়ূন কবির সোপান, ফজলুর রহমান বাচ্চু মোল্লাহ, এনামুল হক, সদর থানা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, সদস্য সচিব হেলাল উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।