গজারিয়ায় ডাকাত আতঙ্কে স্থানীয়রা, আইনশৃঙ্খলা উন্নয়নে মতবিনিময় সভা
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৬:২১ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সাম্প্রতিক সময়ে চুরি- ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এতে করে জনমনে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে।
আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) চুরি-ডাকাতি প্রতিরোধে গজারিয়া উপজেলা প্রশাসন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃবৃন্দের আয়োজনে দুপুরে ভবেরচর ঈদগাঁও প্রাঙ্গণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলমের সভাপতিত্বে মতবিনিয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ সম্পাদক ও জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান রতন। এ সময় দলীয় নেতা-কর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ সভায় অংশগ্রহণ করে।
সভাশেষে উপজেলার ৮টি ইউনিয়নের ৭২টি ওয়ার্ডে চুরি-ডাকাতিসহ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে রাত জেগে পাহারা দেওয়ার জন্য টর্চ লাইট ও বাঁশি বিতরণ করা হয়।
এর আগে, গতকাল বুধবার গজারিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ঘটমান অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধকল্পে ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সভায় মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভার সিদ্ধান্ত মোতাবেক অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গ্রামবাসীদের উদ্যোগে রাত পাহারায় ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে জান-মাল এবং সম্পদ রক্ষার জন্য। গতকাল রাত থেকেই বিভিন্ন এলাকায় লাঠি বাঁশ ও বাঁশি নিয়ে পাহারা শুরু হয়েছে বলে জানায় স্থানীয়রা।
গজারিয়া থানার পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত রবিবার (২ নভেম্বর) দিবাগত রাতে বালুয়াকান্দি গ্রামের দক্ষিণ মহল্লার অবসর প্রাপ্ত সেনা সদস্য ফজলুল হকের বাড়িতে ও পরদিন (৩ নভেম্বর) সোমবার দিবাগত রাতে ভবেরচর ইউনিয়নের সাতকাহনিয়া গ্রামে সিরাজুল ইসলামের বাড়িতে সংঘটিত হয়েছে দুটি দুর্ধর্ষ ডাকাতি। দুটি পরিবারের থেকে স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান সামগ্রীসহ প্রায় কোটি টাকা মূল্যমানের সম্পদ লুট করে অস্ত্র সজ্জিত ডাকাত দলের সদস্যরা।
ডাকাত আক্রান্ত ভুক্তভোগী পরিবারের একাধিক সদস্য ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পর পর দুই রাতে দুটি এলাকায় বাড়ির পাকা ভবনের জানালার গ্রিল কেটে ২০ থেকে ২৫ জনের ডাকাত দলের সদস্যরা উভয় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি ও লুটপাট সংঘটিত করায় মানুষের মাঝে ডাকাত ভীতি তৈরি হয়েছে।
এ দিকে ৪ নভেম্বর মঙ্গলবার দুপুরে ফাঁকা বাড়ি পেয়ে বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামের বাসিন্দা, বড় রায়পাড়া হাই স্কুলের সহকারী শিক্ষক ফারুক হোসেনের বাড়িতে ঘটে চুরির ঘটনা। ওইসময় বাসায় কেউ না থাকায় চোরেরা ওয়াস ব্লকের এজজাস্ট ফ্যানের ভেন্টিলেটর ভেঙে ঘরে প্রবেশ করে আলমিরা ও সোকেস ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়।
এই বিষয়ে ভুক্তভোগী ফারুক হোসেন জানান, বাসায় ফিরে দেখি সব রুম এলোমেলো, আলমারিগুলো ভাঙা।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার আলম আজাদ বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং ডাকাতির মালামাল উদ্ধার ও ডাকাত দলের সদস্যদের আটকের জন্য পুলিশ অভিযান পরিচালনা করছে। র্যাব, ডিবি ও পিবি আই মাঠে রয়েছে।