প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৪:৪৬ AM

মাদারীপুর-১ (শিবচর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীক নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কামাল জামান মোল্লা।
সোমবার (৩নভেম্বর) বিকেলে বিএনপি মিডিয়া সেলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়।
মনোনয়ন ঘোষণার সংবাদ ছড়িয়ে পড়তেই শিবচর উপজেলা বিএনপি কার্যালয় ও পৌর বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সমর্থক ও নেতাকর্মীরা আনন্দ মিছিল, স্লোগান, আতশবাজি ও গান-বাজনার মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন। দীর্ঘদিন পর বিএনপি অঙ্গনে এমন প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যায়।
পৌর বিএনপির নব গঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও সাবেক বিএনপির সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন খান সেলিম বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের প্রিয় নেতা কামাল জামান মোল্লা বিগত আন্দোলন-সংগ্রামসহ রাজপথে দলের সঙ্গে ছিলেন। দল তার সেই অবদান ও ত্যাগের যথাযথ মূল্যায়ন করেছে।”
তিনি আরও বলেন, “কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তকে শ্রদ্ধা করে আমরা সবাই ধানের শীষের পতাকাতলে ঐক্যবদ্ধ হবো। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে শিবচরে কামাল জামান মোল্লার বিকল্প নেই।”
স্বদেশ প্রতিদিন/এমএস