প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৪:৩৬ AM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত প্রার্থী তালিকা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচনে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর মধ্যে ৬ জন ব্যারিস্টারকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির মনোনয়ন তালিকায় থাকা ব্যারিস্টাররা হলেন, নোয়াখালী-১ আসনে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, চট্টগ্রাম-৫ আসনে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, নেত্রকোণা-১ আসনে ব্যারিস্টার কায়সার কামাল, কুষ্টিয়া-২ আসনে ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, পঞ্চগড়-১ আসনে ব্যারিস্টার নওশাদ জমির, লালমনিরহাট-১ আসনে ব্যারিস্টার হাসান রাজিব প্রধান।
প্রার্থী তালিকা ঘোষণার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৬৩টি আসনে দলীয় প্রার্থী দেওয়া হয়নি। এই আসনগুলো কিছু জোট শরিকদের জন্য রাখা হয়েছে এবং বাকিগুলোতে আলোচনার পরে প্রার্থী ঘোষণা করা হবে। এটি তাদের সম্ভাব্য প্রার্থী তালিকা এবং দলের প্রয়োজনে যে কোনো সময় এটি পরিবর্তন হতে পারে।
উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। এর আগে, ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
স্বদেশ প্রতিদিন/এমএস