প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১১:৫২ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) ও হল সংসদের গঠনতন্ত্র বিশ্ববিদ্যালয়ের ২৭১তম সিন্ডিকেট সভায় অনুমোদিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত ওই সভায় গঠনতন্ত্রটি সর্বসম্মতভাবে পাস হয়।
শুক্রবার (৩১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, “সিন্ডিকেট সভায় গঠনতন্ত্রটি সর্বসম্মতভাবে অনুমোদন দেওয়া হয়েছে। গঠনতন্ত্র প্রণয়ন কমিটির সুপারিশ অনুযায়ী তা পাঠানো হয়েছে। এখন রেজুলেশন সম্পন্ন করে ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। রাষ্ট্রপতির সম্মতি পাওয়ার পর এটি অর্ডিন্যান্স আকারে বিশ্ববিদ্যালয়ের আইনে অন্তর্ভুক্ত হবে।”
গঠনতন্ত্র সূত্রে জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে মোট ২৫টি পদ থাকবে, যার মধ্যে ২৩টি নির্বাচিত পদ। অপরদিকে প্রতিটি হল সংসদে থাকবে ১৫টি পদ, এর মধ্যে ১৩টি নির্বাচিত পদ নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, শর্তসাপেক্ষে এমফিল ও পিএইচডি শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। তবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সংশ্লিষ্টতা থাকলে কোনো শিক্ষার্থী ইকসুতে যুক্ত হতে পারবে না বলেও গঠনতন্ত্রে উল্লেখ করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ