প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৬:২৯ পিএম আপডেট: ২৯.১০.২০২৫ ৮:৩০ PM

সংগৃহীত ছবি
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ বুধবার (২৯ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব এতে অন্তর্ভুক্ত।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ২৩৯ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৫ জন, ঢাকার বাইরের এলাকায় ১৯০ জন, চট্টগ্রাম বিভাগে ৮৮ জন, বরিশালে ১১৪ জন, খুলনায় ৫০ জন, রাজশাহীতে ৬৬ জন, ময়মনসিংহে ৫১ জন, রংপুরে ১৬ জন এবং সিলেট বিভাগে পাঁচজন রয়েছেন।
গত একদিনে সারাদেশে ৯০৮ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ৬৫ হাজার ৩১২ জন রোগী সুস্থ হয়ে ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৬৮ হাজার ৪২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মৃত্যু হয়েছে ২৭৫ জনের।
উল্লেখ্য, ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন, মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান এক হাজার ৭০৫ জন এবং আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।